Sylhet Today 24 PRINT

বড়লেখায় শিবির নেতা দেলোয়ারের বাসায় পুলিশের অভিযান

বড়লেখা প্রতিনিধি  |  ৩১ মে, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় সাবেক শহর শিবির সভাপতি দেলোয়ার হোসেনের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ রয়েছে। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ শাহবাজপুর বাজারস্থ দেলোয়ারের বাসায় এই অভিযান চালায়।

দেলোয়ার হোসেন উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুশারশাইল গ্রামের ফরিজ আলীর ছেলে। জিআর ২৫০/১৩ নম্বর (বড়লেখা) মামলায় পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে এ পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ দেন বড়লেখা আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম। ২০১৩ সালের ১ নভেম্বর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে এই মামলা হয় (মামলা নম্বর-১)।

পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের দেওয়া মাল ক্রোকের নির্দেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ শাহবাজপুর বাজারস্থ দেলোয়ারের বাসায় অভিযান চালায়। তবে অভিযান কালে তদন্ত কেন্দ্রের পুলিশ জানতে পারে, দেলোয়ারের নিজস্ব কোনো সম্পত্তি নেই। সব সম্পত্তি বাবার নামে। যৌথ পরিবারে তাঁর নিজস্ব কোনো সম্পদ নেই।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদুল হক বলেন, ‘তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ রয়েছে। আগে বেশ কয়েকবার গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। কিন্তু পলাতক থাকায় তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৩০ মে) গ্রেপ্তার ও মালামাল ক্রোকের জন্য অভিযান চালানো হয়েছিল। তাকে পাওয়া যায়নি। স্থানীয়ভাবে খবর পেয়েছি সে বিদেশে পলাতক রয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.