Sylhet Today 24 PRINT

ঈদের কেনাকাটায় শেষসময়ে বাগড়া দিতে পারে বৃষ্টি

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০১৯

ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরী। মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। তবে ঈদের কেনাকাটায় শেষ বৃষ্টি বাগড়া দিতে পারে। এমনটিই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। বিশেষ করে শনিবার (১ জুন) সন্ধ্যার পর থেকে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়ে যাবে।

এদিকে, শুক্রবার রাতেই সিলেটে এক পসলা বৃষ্টি হয়। শনিবার থেকে সিলেটে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


এ বিষয়ে ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘শনিবার সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। বৃষ্টিপাতের পরিমাণ ভালোই থাকবে এই কয়েকদিন। স্থান ভেদে কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশিও হতে পারে।’

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘শনিবার থেকে বৃষ্টি বাড়বে। ১ থেকে ৫ জুন পর্যন্ত সারাদেশে বৃষ্টি বেশি থাকবে।’

আবহাওয়া অধিদফতরের তিন দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সারাদেশে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন আরও বলেন, ‘বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমবে। মানুষ এতে স্বস্তি অনুভব করবে। চলাচলে হয়তো একটু ডিসকমফোর্ট (অস্বস্তি) থাকবে। তারপরও হয়তো মানুষ কমফোর্ট ফিল (স্বস্তি অনুভব) করবে। এখন কেউ যদি রাস্তায় ছাতা ছাড়া বের হয়, তাহলে তার ভোগান্তি হবেই।’

তিনি বলেন, ‘বৃষ্টিতে যানবাহন একটু ধীরে চলে ঠিক আছে। কিন্তু ঢাকার মতো তো আর মহাসড়কগুলোতে জলাবদ্ধতা হয় না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.