Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারের শ্রীবাস অঙ্গন মন্দিরের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট |  ১৬ আগস্ট, ২০১৫

সিলেটের বিয়ানীবাজারে ৫শ বছরের পুরাতন পন্ডিতপাড়ার শ্রীবাস অঙ্গন মন্দিরের প্রায় সাড়ে ৫ কোটি টাকার জায়গা দখল করে আছে স্থানীয় একটি ভূমি খেকো চক্র। সরকার দল আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে কতিপয় ওই চক্রটি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছে। ফলে মন্দিরটি পড়েছে অস্তিত্ব সংকটে। বর্তমানে মন্দিরের কোনো উন্নয়ন কাজ করা যাচ্ছেনা। ভূমি খেকোরা জায়গাদখল করতে গিয়ে একাধিকবার হামলা, ভাংচুর ও ভয়ভীতি দেখিয়েছে। আদালতের নিষোধাজ্ঞা অমান্য করে তারা দিব্যি নানা অপকর্ম করলেও প্রশাসন রয়েছে নিরব। অবিলম্বে মন্দিরের প্রায় সাড়ে ১১ একর জায়গা উদ্ধার না করলে সারা দেশে আন্দোলন চলবে। আজ রোববার বিকেল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ ঘোষনা দেন।

মন্দিরের বেদখল হওয়া ১১ একর জয়গা উদ্ধার ও মন্দিরের উন্নয়ন কাজে বাধা দেওয়ার প্রতিবাদে এই মানববন্ধন করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), সিলেট। ইসকন বাংলাদেশের সহ সভাপতি, ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী সভাপতিত্বে ও ইসকন সিলেটে ইয়থ ফোরামের কো-ডিরেক্টর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী’র পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৮ সাল থেকে মন্দিরের জায়গা দখল করে আসছে ভূমি খেকোরা। মন্দিরের ১২ একর ৬৫ শতক জায়গার মধ্যে মাত্র ৬১ শতক জায়গা রয়েছে মন্দিরের দখলে। বাকি জায়গাই ভূমিখেকোরা পর্যায়ক্রমে দখল করে স্থাপনা নির্মাণ করেছে। আর এজন্য একাধিকবার সেবায়েত ও ভক্তবৃন্দের উপর হামলা, গীতায় অগ্নিসংযোগ, বিগ্রহ ভাংচুর, লুটপাট করা হয়েছে। অধ্যক্ষসহ সেবাইতকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। সর্বশেষ ৯ আগষ্ট মন্দিরের সীমনা প্রাচীর নির্মাণ কাজে বাধা, হুমকী ও গালমন্দ করে ভুমিখেকোরা।

বক্তারা বলেন, ওই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হারুনুর রশিদ দীপু ও তার ভাই সাইফুল ইসলাম নিপু এবং তাদের সহযোগিরা মন্দিরের জায়গা দখল করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। তাদের কারণে সনাতন ধর্মান্বলীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। গত ১১ আগষ্ট সর্বশেষ বিয়ানীবাজার থানায় তাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করা হয় (যার নং ৬১৫)। এর আগে মন্দিরের জায়গা ও সাধুদের রক্ষায় থানায় আরো ৬ টি সাধারণ ডায়রি করা হলেও প্রশাসন কার্যকর কোন উদ্যোগ নেয়নি। ২০১১ সালের ২ এপ্রিল শ্রীবাস অঙ্গণ মন্দিরে বিগ্রহ ভাংচুর, শ্রীমদ্ভগবত গীতায় অগ্নিসংযোগ, সেবাইতকে মারধর, হামলা, লুটপাটের ঘটনার থানায় মামলা (নং-৩/৪৭) করা হয়।

আন্দোলনকারীরা জানান, ৫০০ বছরের প্রাচীনতম নিদর্শন শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ শ্রীবাস পন্ডিতের মন্দিরের ১২ একর ৬৫ শতক ভূমি রয়েছে। যার মূল্য সাড়ে ৫ কোটি টাকা। বিশাল সম্পত্তির উপর নজর পড়ে আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ দীপু ও তার স্বজনদের। তারা গত কয়েক বছর থেকে আওয়ামী লীগ ও কিছু লোকদের হাত করে মন্দিরের ভূমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে। মন্দিরে একাংশ দখল করে বহুতলা ভবন নির্মাণসহ বিভিন্ন স্থাপনা গড়ার চেষ্টা করছে। মন্দিরের প্রায় ১২ একর ৬৫ শতক ভূমি নিয়ে আদালতে ৩ টি মামলা চলমান চলছে। অর্পিত মামলা নং-১৭৫৪/২০১২ ও স্বত্ব মামলা নং ১১৯/২০১৪। স্বত্ব মামলার রায় গত ২৮ মে আদালত মন্দির বাদী পক্ষে প্রদান করেন। যাতে মন্দিরের ভূমি হতে জবর দখল ও সেবা পূজা এবং সীমানা প্রাচীরসহ উন্নয়ন কাজে বাধা সৃষ্টি না করতে পারে সে জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারিও করেন আদালত।

বক্তারা ভূমি খেকোচক্রের কবল থেকে মন্দিরের জায়গা উদ্ধার করার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের নিকট জোর দাবি জানান। অন্যতায় সারাদেশে আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষনা দেন সনাতন নেতৃবৃন্দ।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিয়ানীবাজার শ্রীবাস অঙ্গন এর অধ্যক্ষ সিদ্ধ গৌর দাস ব্রহ্মচারী, লেখক সুকেশ চন্দ্র দেব, সাবেক নামহট্ট সভাপতি বুদ্ধি গৌর দাস, সাবেক ইসকন সিলেট ইয়থ ফোরাম কোডিরেক্টর বলদেব কৃপা দাস, মানবাধিকারকর্মী রাকেশ রায়, সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন, ছাত্রনেতা অরুন দেবনাথ সাগর, ইসকন ঢাকার মধুপতি দাস, সমাজ সেবী মনিন্দ্র রঞ্জন দে, রাজনীতিবীদ আদি অনন্ত নিতাই দাস ও ইসকন সিলেটের সংকীর্ত্তণ বিভাগের সহকারী পরিচালক সিদ্ধ মাধব দাস প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.