Sylhet Today 24 PRINT

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করে তোলা হয়েছে: পরিবেশ মন্ত্রী

বড়লেখা প্রতিনিধি |  ০১ জুন, ২০১৯

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করে তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। তিনি বলেন, একসময় বিএনপি-জামায়াত জোট আওয়ামী লীগকে ইসলামী বিদ্বেষী হিসেবে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করত। এখন আর সাধারণ মানুষকে তারা ধোঁকা দিতে পারছে না। মানুষ এই অপপ্রচার বুঝে গেছে।

মন্ত্রী শনিবার (০১ জুন) সকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর আলিম মাদ্রাসার দ্বিতীয় ও তৃতীয় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কওমি মাদ্রাসাকে ইবতেদায়ীকে প্রাথমিক শিক্ষার সমমান করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের সমমান করা হয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে। যার ফলে মাদ্রাসায় পড়াশোনা করেও আজকে উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা।

মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এম এ আব্দুস শুক্কুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, অধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান প্রমুখ।

অন্যদিকে মন্ত্রী বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী কার্যালয় হতে প্রাপ্ত বড়লেখা উপজেলার সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.