Sylhet Today 24 PRINT

সিলেটে এসএসিতে জিপিএ-৫ পেল আরও ২২ শিক্ষার্থী

ফল পুনঃনিরীক্ষণ

নিজস্ব প্রতিবেদক |  ০২ জুন, ২০১৯

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ২২ শিক্ষার্থীর। খাতা পুনঃনিরীক্ষণের ফলাফলে ২২ শিক্ষার্থী জিপিএ-৫ পায়। পুণঃনিরীক্ষণে ফল পরিবর্তন হয়েছে ১৫৭ জন শিক্ষার্থীর।

শনিবার সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এসএসসির উত্তরপত্র পুণনিরীক্ষণের ফল প্রকাশ হয়। এই তালিকা থেকেই এসব তথ্য জানা যায়।

এবছর ১০ হাজার ৫৪১ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনঃমূল্যায়ন আবেদন করেছিলো বলে জানান সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ।

গত ৬ মে প্রকাশ হওয়া এসএসসির ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ছিলো ৭০.৮৩ শতাংশ। আর জিপিএ-৫ পায় ২হাজার ৭৫৭ শিক্ষার্থী। পুণঃনিরীক্ষণে ফল পরিবর্তনের ফলে এ তালিকায় আরও ২২ জন যুক্ত হলো।

শনিবার প্রকাশ হওয়া পুনঃনিরীক্ষণের ফলাফলে দেখা যায়, পাস করা ১৫৭ জনের মধ্যে জিপিএ পরিবর্তন হয়েছে ১৩২ শিক্ষার্থীর। এরমধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২২ জন, ফেল থেকে পাস করেছে ৩৭ জন এবং জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে মার্ক পরিবর্তন হয়েছে ২২ জনের।

নতুন করে জিপিএ-৫ পাওয়া ২২ শিক্ষার্থীর সকলেই ৬ মে প্রকাশিত ফলাফল অনুযায়ী জিপিএ-৪ পেয়েছিলো। উত্তরপত্র পুণঃনিরীক্ষণে তাদের গ্রেড পরিবর্তন হয়।
 
এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়ন চেয়ে আবেদনকারীদের বেশির ভাগ গণিত বিষয়ে খাতা পুনঃমূল্যায়ন চেয়েছিলেন।
 
এবার সিলেট বোর্ডের অধীনে ১ লাখ ১৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৮০ হাজার ১৬২ জন।
 
গণিতে ভরাডুবির কারণে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ৭০ দশমিক ৮৩ শতাংশ পাসের হার নিয়ে তলানিতে অবস্থান করে সিলেট শিক্ষা বোর্ড।
 
এ বছর গণিতে ১ লাখ ৬ হাজার ১০২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করে ৭৯ হাজার ৮৬৯ জন। শুধু গণিতেই ফেল করেছে ২৬ হাজার ২৩৩ জন শিক্ষার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.