Sylhet Today 24 PRINT

শক্তি দেখাতে বাধ্য করবেন না: পরিবহন মালিকদের পরিকল্পনা মন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৩ জুন, ২০১৯

পরিবহন মালিক শ্রমিকদের উদ্দেশ্য করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আপনাদের লাইসেন্স, কাগজপত্র আছে কি না সেটা দেখার দায়িত্ব আমাদের। আমাদের হাতে শক্তি আছে। সেই শক্তি ব্যবহার করতে বাধ্য করবেন না।

সোমবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাস চলাচল উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা এখন সরাসরি সিলেট-সুনামগঞ্জ সড়কে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান বিআরটিসি দিয়ে যাত্রীসেবা শুরু করেছি। কিন্তু বাস বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে যারা বলেছে তাদের সঙ্গে পরামর্শ না করে বাস নামানো হলো কেন সেই ব্যবসায়ীদের উদ্দেশে বলছি আমরা ব্যবসা করছি না। আপনারা ব্যবসা করছেন।

উল্লেখ্য, বিআরটিসির বাস চালুর সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার ভোর ৬টা থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সুনামগঞ্জ শহরের পৌর বিপণীতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এ কর্মবিরতির ঘোষণা দেন। এতে সকাল থেকে ঈদে ঘরমুখো মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.