নিজস্ব প্রতিবেদক | ০৩ জুন, ২০১৯
সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামায়াতের জন্য প্রস্তুত করা হয়েছে সিলেট ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দান। চাঁদ দেখা সাপেক্ষে বুধবার (৫ জুন) সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, ঈদগাহের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বাভাবিক বৃষ্টিতে কোনো সমস্যা হবে না। সোমবার (৩ জুন) দুপুরে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিসিক মেয়র আরিফ বলেন, আবহাওয়া দুর্যোগপূর্ণ হলেও অতীতের মতো এবারও শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে অতি বর্ষণ না হলে কোনো সমস্যা হবে না। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মেয়র আরিফ।
ঈদগাহ ময়দান পরিদর্শনকালে ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ ছাড়াও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।