নিজস্ব প্রতিবেদক | ০৩ জুন, ২০১৯
চলতি রমজান মাসে সিলেটে খাদ্যে ভেজাল, যান চলাচলে অনিয়ম, অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে প্রায় ৪২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নানা অনিয়মের কারণে মামলা দায়ের হয়েছে ৩৪৯টি।
সোমবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উল্লাহ খান।
নাছির উল্লাহ খান বলেন, রমজান উপলক্ষে সিলেট মহানগর এলাকাকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করে ৫টি বাজার মনিটরিং টিমের কার্যক্রম শুরু হয়। বাজার মনিটরিংয়ের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে খাদ্যে ভেজাল মেশানো, হোটেল ও রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, পঁচা-বাসি খাবার বিক্রি, ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা প্রভৃতি অনিয়মের কারণে জরিমানা করা হয়।
তিনি জানান, সিলেট মেট্রোপলিটন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ১৩৭টি মামলায় ১৪ লাখ ৫২ হাজার ২০০ টাকা, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর আওতায় ২টি মামলায় ২ লাখ টাকা, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর আওতায় একটি মামলায় ১০ হাজার টাকা, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আওতায় একটি মামলায় ৫০ হাজার টাকা, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় ৪১টি মামলায় ৩১ হাজার ১০০ টাকা, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আওতায় ২টি মামলায় ৩ লাখ ৫০ হাজার টাকা, বাংলাদেশ ট্রাভেল এজন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আওতায় ১৪টি মামলায় ২ লাখ ৪৫ হাজার টাকা, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এর আওতায় ১১টি মামলায় ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরো জানান, সিলেটের সকল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ১২৫টি মামলায় ৩ লাখ ৭২ হাজার ৫০০ টাকা, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ এর আওতায় একটি মামলায় ৫ হাজার টাকা, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর আওতায় একটি মামলায় ৫শ’ টাকা, দন্ডবিধি ১৮৬০ এর আওতায় ২টি মামলায় এক হাজার টাকা, পেট্রোলিয়াম আইন ১৯৩৪ এর আওতায় একটি মামলায় ২ হাজার টাকা, বাংলাদেশ ট্রাভেল এজন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আওতায় ৩টি মামলায় ৬০ হাজার টাকা, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ২টি মামলায় ৫ হাজার টাকা, বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর আওতায় একটি মামলায় এক হাজার টাকা, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় ৩টি মামলায় ১৫শ’ টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উল্লাহ খানের দেয়া তথ্যানুসারে, রমজানে সিলেট মেট্রোপলিটন এলাকায় বিভিন্ন অনিয়মের কারণে ২৬ লাখ ২৮ হাজার ৩শ’ টাকা এবং সিলেটের সকল উপজেলায় ৪ লাখ ৯৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া আরো ৮৩টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে ৪১ লাখ ৬০ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সকল উপজেলার ইউএনও, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
সংবাদ সম্মেলনে রেভিনিউ ডেপুটি কালেক্টর উম্মে সালিক রুমাইয়া, সহকারী কমিশনার আশরাফুল হক, ইরতিজা হাসান, শাহিনা আক্তার, সুনন্দা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।