Sylhet Today 24 PRINT

শেষ মুহূর্তে ভিড় বিউটি পার্লারে

শাকিলা ববি |  ০৪ জুন, ২০১৯

ছবি: ফেম বিউটি ক্লিনিক এন্ড পার্লারের সৌজন্যে

ঈদের দিন নিজেকে একটু আলাদা ভাবে উপস্থাপন করতে চান সব নারী। তাই রূপসচেতন নারীরা ঈদে নিজেদের সৌন্দর্য বাড়িয়ে তুলতে শেষ মুহূর্তে ভিড় জমাচ্ছেন সিলেট নগরের বিউটি পার্লারগুলোতে। প্রায় সব বয়সের নারীরাই যাচ্ছেন পার্লারে। তবে রূপচর্চায় তরুণীরাই বেশি ভিড় করছেন পার্লারে। এদিকে গ্রাহদের আকৃষ্ট করতে ঈদ উপলক্ষে বিভিন্ন পার্লারের দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।

নগরের বিভিন্ন পার্লার ঘুরে দেখা যায়, পার্লারগুলোতে উপচে পড়া ভিড়। সকাল ১০টা থেকে বিকাল ৫টা আবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত বিভিন্ন বয়সের নারীরা বিভিন্ন কাজ করাচ্ছেন পার্লারে। গ্রাহকদের ভিড়ের কারণে কিছু কিছু পার্লার রাত ১ টা পর্যন্তও খোলা রাখছেন ব্যবসায়ীরা।

সোমবার দুপুরে নগরের নয়াসড়কস্থ ফেম বিউটি ক্লিনিক এন্ড পার্লারে গিয়ে দেখা যায় বিভিন্ন বয়সের নারীদের সমাগম। পার্লারের বিভিন্ন সেক্টরে ২২ জন কারিগর কাজ করছেন। গ্রাহকদের চাপে কারিগরদের দম ফেলার ফুসরত নেই। কেউ ভ্রু প্লাগ করাচ্ছেন, কেউ ফেসিয়াল করাচ্ছেন, কেউ চুল কাটাচ্ছেন কেউ আবার চুল রিবন্ডিং করাচ্ছেন।

ফেম বিউটি ক্লিনিক এন্ড পার্লারে বিউটিশিয়ান নাজমা বলেন, প্রথম ধাপে সকাল থেকে বিকাল পর্যন্ত ক্রেতাদের চাপ থাকে। ইফতারের সময় ফ্রি থাকলেও সন্ধ্যা সাড়ে সাতটার পর ক্রেতারা বেশি আসেন।

ফেম বিউটি ক্লিনিক এন্ড পার্লারে পরিচালক তানভীর রুহেল বলেন, ঈদ উপলক্ষে আমরা বিভিন্ন প্যাকেজের উপর ছাড় দিয়েছি। যেমন ফেসিয়ালে ২০%, হেয়ার রিবন্ডিংয়ে ৩০% ও ফর্মার কসমেটিকস এর উপর ৪০% ছাড় দিয়েছি।

তিনি বলেন, এখন ফেসিয়াল, ভ্রু প্লাগ, হেয়ার কালার, হেয়ার রিবন্ডিং এবং হেয়ার কাটিংয়ের গ্রাহক বেশি। গ্রাহকরা বেশ রাত অবধি আসছেন । কাজ করাচ্ছেন। ঈদের আগের দিন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান খোলা থাকবে। ঈদের দিন থেকে তিনদিন পার্লার বন্ধ থাকবে।

নগরের মিরবক্সটুলা এলাকাস্থ অর্চনা বিউটি পার্লারের ফেইসিয়াল করাতে এসেছেন মুনতাহা মিম। তিনি বলেন, ঈদের কেনাকাটা শেষ। তাই পার্লারে আসলাম ফেসিয়াল করাতে। আমি দুই মাস পর পর ফেসিয়াল করাই। তবে যেহেতু সামনে ঈদ তাই ত্বকের বাড়তি যত্ন নিতে ফেসিয়াল করিয়ে নিচ্ছি।

অর্চনা বিউটি পার্লারের পরিচালক অর্চনা আহমেদ বলেন, স্কুল কলেজের ছাত্রী থেকে শুরু করে গৃহবধূ- সবাই এখন নিজেদের সৌন্দর্য নিয়ে সচেতন। আর কিছু না হলেও ভ্রু প্লাগ সকলেই করান। এবার আমরা কোনো বিশেষ ছাড় দেইনি। ঈদ তাই এখন গ্রাহদের একটু বাড়তি চাপ আছে। ১২ জন কর্মী গত কয়েকদিন ধরে সকাল থেকে বেশ রাত পর্যন্ত কাজ করছেন।

নবাব রোড এলাকার এলি ও পপি দুই বোন। সিলেটে লেখাপড়া করেন। ঈদে বাড়ি যাবেন তাই তারাও ভ্রু প্লাগ, ফেসিয়াল ও হেয়ার কাটিং করেছেন। পপি বলেন, ঈদের দিনে সুন্দর করে সাজতে হলে চুল কাটানো, ফেসিয়াল করানোটা দরকার। বাসা থেকে এখন ঈদ খরচ দেওয়া হয়েছে। সেখান থেকেই টাকা সেইভ করে পার্লারের খরচ করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.