সিলেটটুডে ডেস্ক | ১৭ আগস্ট, ২০১৫
সিলেট নগরীতে আব্দুস শুক্কুর (২২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের বাবার অভিযোগ পারিবারিক কলহের কারণে এমন ঘটেছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে নগরীর আখালিয়া সুরমা আবাসিক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পেশায় রাজমিস্ত্রী আব্দুস শুকুর বরিশাল জেলার বাবুনগরের শান্তিগঞ্জ গ্রামের আব্দুল কাদিরের ছেলে। আখালিয়ার একটি কলোনিতে বাবা-মা ও স্ত্রীসহ ভাড়া থাকতেন তিনি।
নিহতের বাবা আব্দুল কাদির পুলিশকে জানান, ছেলে ও পুত্রবধূ প্রায় ঝগড়া করতো। রবিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। সকালে ছেলের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেই।
নিহতের পরিবারের বরাত দিয়ে সিলেট মহানগরীর জালালাবাদ থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) কবির হোসেন জানান, ভোরে ঘরের একটি কক্ষে আব্দুস শুকুরের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। এরপর ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আব্দুস শুকুরের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো আব্দুস শুকুরের। বিষয়টি স্থানীয় কাউন্সিলর পর্যন্ত গড়ায়। এ নিয়ে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন না-কি, এটি অন্য কিছু তা খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান এএসআই।