Sylhet Today 24 PRINT

লাখাইয়ে পুলিশের ওপর হামলা, ২ হাজার জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৯ জুন, ২০১৯

হবিগঞ্জের লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষে জহিরুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহতের ঘটনায় এখনও কোন মামলা দায়ের হয়নি। তবে পুলিশের উপর হামলার ঘটনায় ১৬৮ জনের নাম উল্লেখ করে আরও অন্তত দুই হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার (৮ জুন) রাতে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে ১নং লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরফি আহমেদ রুপনকে (৪৭)।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন। তিনি বলেন, দুই পক্ষের সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন পুলিশের উপর হামলা চালায়।

প্রসঙ্গত, পূর্ব বিরোধ নিয়ে শুক্রবার (৬ জুন) লাখাই উপজেলার রূহিতনশী গ্রামে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ভয়াবহ সংঘর্ষ চলে। এ ঘটনায় ওই গ্রামের ছমেদ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৩৫) নিহত হন। আহত হন পুলিশসহ অন্তত ৩৫ জন। গুরুতর আহত অবস্থায় অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পুলিশ শুক্রবার (৬ জুন) রাত থেকে শনিবার (৭ জুন) দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করে কারাগারে প্রেরণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.