Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১৩ জুন, ২০১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে সপ্তম শ্রেণীর ছাত্র ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৩ জুন) দুপুরে এ ঘটনাটি ঘটলেও আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। তারা দুজনই উপজেলার পৃথক পৃথক বিদ্যালয়ের শিক্ষার্থী।

সূত্র জানায়, বুধবার দুপুরের দ্বিতীয় শ্রেণির ঐ ছাত্রীকে ফুঁসলিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া ঐ ছাত্র। পরে ঘর ফাঁকা পেয়ে ছাত্রীটিকে ধর্ষণ করে। ঘটনার এক পর্যায়ে ছাত্রীটির প্রচুর রক্তপাত দেখে অভিযুক্ত পালিয়ে যায়। পরে ছাত্রীটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান ছাত্রীটির পিতা।

এদিকে ঘটনা জানাজানির পর ছাত্রটির পিতার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন, "আমার ছেলে যে অপরাধ করেছে আমি চাই তার আইনানুগ শাস্তি হোক। এদিকে ঘটনার পর থেকে বৃহস্পতিবার এ প্রতিবেদন লিখা পর্যন্ত ছাত্রটি পলাতক রয়েছে, এমনকি তার বাড়ি তালাবন্ধ রয়েছে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, " এরকম একটি ঘটনা ঘটেছে সেটা আমি শুনেছি। তবে এখনও পর্যন্ত থানায় এ ব্যাপারে কোন অভিযোগ করেন নি বা মামলাও করেন নি।"

ঘটনা শোনামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, "পুলিশ ঐ এলাকায় অবস্থান নিয়ে অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করা হবে।"

ধর্ষিতা ঐ মেয়ে এখন ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.