গোলাপগঞ্জ প্রতিনিধি | ১৪ জুন, ২০১৯
সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্নে জিয়াউল হক নামের এক পোল্ট্রি ব্যবসায়ী বড় ধরণের লোকসানে পড়েছেন। পোল্ট্রি ফার্মের দুই মাসের বিদ্যুৎ বিল বাকি থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ। এতে ফার্মে থাকা তাঁর ৯৩০টি মোরগ মারা যায়। বুধবার (১৩ জুন) উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর বাজারের আশা পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে।
ঘটনার পর সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সুনামপুর কেন্দ্রের লাইনম্যান লোকমান আহমদকে (৩৮) অভিযুক্ত করে গোলাপগঞ্জ থানায় একটি অভিযোগও দায়ের করেছেন পোল্ট্রি ব্যবসায়ী জিয়াউল হক।
অভিযোগ সূত্রে জানা যায়, জিয়াউল হকের পোল্ট্রি ফার্মের বিগত ২ মাসের বিদ্যুৎ বিল বকেয়া ছিল। ওইদিন দুপুরে লাইনম্যান লোকমান আহমদ আরো দুই ব্যক্তি নিয়ে খামারে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর প্রচন্ড গরমের কারণে তার খামারের ৯৩০টি ব্রয়লার মুরগি মারা গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জিয়াউল হক এজহারে উল্লেখ করেন।
এ ব্যাপারে জিয়াউল হক জানান, আমার পোল্ট্রি ফার্মের ব্যবসায় ক্ষতি হওয়ায় ২ মাসের বিদ্যুৎ বিল দেওয়া সম্ভব হয়নি। লাইনম্যান লোকমানকে অনেক অনুরোধ করেও আমি বিদ্যুৎ বিচ্ছিন্ন করা থেকে আটকাতে পারিনি। বিল পরিশোধে উনি মানবিক দিক বিবেচনা করেও একটু সময় দেননি।
এদিকে অভিযুক্ত লাইনম্যান লোকমান আহমদ ঘটনাটি অস্বীকার করে বলেন আমি কোন পোল্ট্রি ফার্মের বিদ্যুৎ বিচ্ছিন্ন করিনি।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটা অভিযোগ থানায় দায়ের করা হয়েছে।