সিলেটটুডে ডেস্ক | ১৮ আগস্ট, ২০১৫
সিলেট নগরীর সুরমা মার্কেট পয়েন্টে ট্রাক চাপায় সাহেদ মিয়া (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার দিনগত গভীর রাত ২টার দিকে নগরীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেদ সুনামগঞ্জের দিরাই উপজেলার রণিনগর গ্রামের মাহের আলীর ছেলে।
এ সময় স্থানীয় জনতা ট্রাকের চালকের আসনে থাকা হেলপার কবির আহমদকে (২০) আটক কোতোয়ালি মডেল থানা পুলিশে সোপর্দ করেছেন। কবির গোলাগঞ্জ উপজেলার জাঙ্গাইল গ্রামের আজমত আলীর ছেলে।
জানা যায়, বেপোরোয়া গতিতে আসা ট্রাকটি ঘটনাস্থলে আসামাত্র পথচারী দুই সহোদরের একজন চাপা দেয়। এতে গুরুতর অবস্থায় সাহেদ মিয়াকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার বন্দরবাজার ফাঁড়ির ইন-চার্জ (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হেলপার কবির আহমদ বেপরোয়া গতিতে ট্রাকটি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে করে ট্রাকটি রাস্তার মাঝখানে গোলচত্বরে ধাক্কা লেগে পথচারীকে গিয়ে চাপা দেয়।
স্থানীয় জনতার সহায়তায় পুলিশ কবিরকে আটক করেছে। দুর্ঘটনার পর গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।