নিজস্ব প্রতিবেদক | ১৫ জুন, ২০১৯
সিলেট নগরীর বনকলাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের কর্মী দুদু মিয়াকে গণপিটুনিতে হত্যার ৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। দুদুর ভাই জুয়েল খান বাদী হয়ে নগরীর বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ৭ জনের নামোল্লেখ ছাড়াও অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি শাহাদাত হোসেন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের কেউ এখনও গ্রেপ্তার হয়নি। তবে তাদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।
গ্রেপ্তারের স্বার্থে মামলার আসামীদের নাম বলতে অপরাগতা প্রকাশ করেন ওসি।
তবে জানা গেছে, মামলায় স্থানীয় ছাত্রদল নেতা শাহ আলম আলী, পান্না লাল, মনু ওরফে পাখি, জামাল আহমদ ওরফে কালা জামাল, জামায়াত নেতা বাহারুল ইসলাম রিপনের নাম রয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর বনকলাপাড়া মসজিদে ডাকাত ঢুকেছে বলে মাইকে ঘোষণা দেয়া হয়। পরে স্থানীয়রা দুদু মিয়াকে ধরে গণপিটুনি দেন। এতে তার মৃত্যু হয়।
দুদু মিয়া হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার জলশোকা গ্রামের মৃত তমিল খানের ছেলে। বর্তমানে তিনি বনকলাপাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
তার ভাই হাসিম খান দাবি করেন, দুদু মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে ডাকাতির নাটক সাজানো হয়েছে।
দুদু মিয়ার বিরুদ্ধে নগরীর সুবিদবাজার নূরানী আবাসিক এলাকায় খালার বাসায় বেড়াতে আসা এক তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ রয়েছে। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় তিনি কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পান। তার বিরুদ্ধে ছিনতাই-চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।