Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে থানায় অভিযোগ দিয়ে যাওয়ার পথে হামলা, সাংবাদিকসহ আহত ২

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৮ জুন, ২০১৯

 সিলেটের গোলাপগঞ্জে থানায় অভিযোগ দিয়ে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় দৈনিক মানবজমিনের গোলাপগঞ্জ প্রতিনিধি চেরাগ আলী সহ ২জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে দশটায় উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের কালিজুড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের কালিজুড়ি গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র সাংবাদিক চেরাগ আলী (৫৫), তার মামাতো ভাই বাহার উদ্দিন (৫৭)।

স্থানীয়রা আহতদের তাৎক্ষণিক গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে বাহার উদ্দিনের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত ডাক্তার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

স্থানীয় ও এজাহার সূত্রে এজানা যায়, গত রোববার রাতে চেরাগ আলীর বাড়িতে একই এলাকার কয়েকজন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় বাহার উদ্দিন হাতে আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনার পর  চেরাগ আলী ও তার ফুফাতো ভাই বাহার উদ্দিন থানায় অভিযোগ দায়ের করে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে উৎপেতে থাকা একই গ্রামের আকিল আলীর পুত্র পারভেজ আহমদ (২৫), মৃত উকিল আলীর পুত্র সামছুদ্দিন ওরফে টেম্পু (২৮), মৃত কুটু চান্দ মিয়ার পুত্র জামিল আহমদ (২৩) দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় চেরাগ আলী ও বাহার উদ্দিন গুরুতর আহত হন। বাহার উদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় থাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চেরাগ আলী জানান, হামলাকারীরা গ্রামে মাদকব্যবসা সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। বিগত দিন ঐসব অপরাধীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছি। এর জন্য এরা আমার মামাতো ভাই বাহার উদ্দিন সহ আমার উপর হামলা চালিয়েছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.