Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ইভটিজিংয়ের দায়ে তরুণের কারাদন্ড

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৮ জুন, ২০১৯

সিলেটের বিয়ানীবাজারে এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে ঝুমন আহমদ জুম্মান (১৮) নামের এক তরুণকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।  মঙ্গলবার দুপুরে উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে গ্রামবাসীর প্রচেষ্টায় ঝুমন আহমদকে আটক করা হয়। সে লাউতা হিজলুর টুক গ্রামের লুকুছ মিয়ার পুত্র।

জানা যায়, দীর্ঘদিন ধরে ঝুমন ওই মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার সময় পথরোধ করে নানা অঙ্গভঙ্গি, অশ্লীল কথা বার্তা বলতো। মেয়েটি এ কথা তার পরিবারকে জানায়। পরে আটক জুমানের বিরুদ্ধে এলাকাবাসী, মাদ্রাসা শিক্ষক, অভিভাবক ও ছাত্রীরা লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং তাকে আটক করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান আটককৃত ঝুমনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী আরিফুর রহমান বলেন, আটককৃতের বিরুদ্ধে এলাকাবাসী, মাদ্রাসা শিক্ষক, অভিভাবক ও ছাত্রীরা লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং তাকে আটক করা হয় এবং তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে থানায় সোপর্দ করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.