Sylhet Today 24 PRINT

চা শিল্পকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২০ জুন, ২০১৯

চা শিল্পকে বাঁচাতে বিভিন্ন তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন হামিদিয়া টি কোম্পানির ভাইস চেয়ারম্যান ওলিউর রহমান। এ সময় তার পক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন কোম্পানির জিএম সিরাজুল ইসলাম।

বুধবার (১৯ জুন) রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম বলেন, চা উৎপাদন, সংরক্ষণ, বিতরণ ও বিক্রয়ে যদি কোন ধরনের সিন্ডিকেট গড়ে উঠেছে কি না এবং ইতিমধ্যে গড়ে উঠা সিন্ডিকেটগুলো তাদের কার্যক্রম শুরু করেছে কি না তাও পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার এখনই সময়। এই সিন্ডিকেটের কারণে চা বাগান মালিকরা লোকসানে পড়ছেন।

এসব বিষয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়ে যাচ্ছে অথচ এখনো বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়াই মান্ধাতার আমলের ধারা মতে গুটিকয়েক লোক মুখের ভিতর লিকার চা ঢুকিয়ে কুলকুচি করেই টি টেস্টাররা বলে দেন এটা ভালো আর ওটা খারাপ। তাদের মুখের কথায় সব হয়ে যায়। বৈজ্ঞানিক যন্ত্র ও চায়ের ভালো-মন্দের গুণ মাপার মানদণ্ড প্রচলিত না হওয়ায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে বাগান মালিকদের।

তাদের দাবি, যন্ত্র যতদিন প্রচলন হয় ততদিন সরকারিভাবে লোক নিয়োগ দিয়ে চায়ের গুণগত মান নির্ধারণ করা উচিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.