Sylhet Today 24 PRINT

জাফলংয়ে বোমা মেশিনের পাইপের ভেতর পা ঢুকে শ্রমিক আহত

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৩ জুন, ২০১৯

প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত সিলেটের গোয়াইনঘাটে জাফলং পাথর কোয়ারীতে অবৈধভাবে চলা বোমা মেশিনের (বিলাই বোমা) পাইপের ভেতর পা ঢুকে ১ শ্রমিক আহত হয়েছেন।

রোববার (২৩ জুন) সকাল ১০টায় জাফলং পাথর কোয়ারীতে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, পাথর কোয়ারীর গর্তে চলা অবৈধ বিলাই বোমা মেশিনে দুটি পাইপের ভেতর ঢুকে বাবু নামের এক পাথর শ্রমিক গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয়রা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে থানার ডিউটি অফিসার এ.এস.আই রাজীব রায় জানান, আহত শ্রমিক বাবুকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি বলেন, সরকার ২০১৫ সালে  জাফলংয়ের ১৪.৯৩ বর্গ কিলোমিটার এলাকা প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করে এসব এলাকা থেকে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করে।  তবে মোটা অংকের বখরার বিনিময়ে স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রিত চাঁদাবাজদের দ্বারা বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। প্রায়ই শ্রমিক হতাহতের ঘটনা ঘটছে। এই ঘটনাও তারই ধারাবাহিকতার অংশ।

এদিকে গোয়াইনঘাটের রাধানগরে ব্যাটারি চালিত ইজি বাইক ও মোটর সাইকেল সংঘর্ষে ইজি বাইক উল্টে ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ে ৪ ছাত্রী আহত হয়েছেন। তাদেরকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

রোববার বেলা দেড়টায় রাধানগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত ছাত্রীরা হল বাউরভাগ গ্রামের আব্দুল মজিদের মেয়ে তামান্না আক্তার ৯ম শ্রেণী, আফসানা আক্তার ৯ম শ্রেণী, সুমাইয়া আক্তার ৯ম শ্রেণী ও তানিয়া আক্তার ১০ম শ্রেণী।

বিষয়টি সত্যতা স্বীকার করে ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমির উদ্দিন জানান, আহত ছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা এখন শংকামুক্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.