Sylhet Today 24 PRINT

আসামে আমদানি-রপ্তানি বাণিজ্যের সমতা আনয়নের আহবান সিসিক মেয়রের

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুন, ২০১৯

ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসামে বাংলাদেশসহ সিলেটের পণ্য রপ্তানি বৃদ্ধি এবং আমদানি-রপ্তানি বাণিজ্যের সমতা আনয়নে সংশ্লিষ্টদের কাজ করার আহবান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ।

বৃহস্পতিবার (২৭ জুন) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে আসাম রাজ্য সরকারের বাণিজ্য ও পরিবহন মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সাথে সৌজন্য সাক্ষাতে এলে এক আলোচনায় এই আহবান জানান তিনি।

এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আসামের সাথে সিলেটের সম্পর্ক দীর্ঘ দিনের। ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসাম, মেঘালয় সহ সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলোর সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক অতীতের মতো এখনো বজায় রাখতে হবে। তবেই আসামসহ সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলোর সাথে সিলেটসহ বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

বৈঠকে আসাম রাজ্য সরকারের বাণিজ্য ও পরিবহন মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী জানান, সীমান্তবর্তী বৃহত্তর সিলেটের মানুষের সাথে আসামের মানুষের অতীতের সু-সম্পর্ক বজায় রেখে তা আরো সুদৃঢ় করতে তার সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সবসময় বিবেচনা করে ভারত।

এর আগে আসাম রাজ্য সরকারের বাণিজ্য ও পরিবহন মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারীসহ প্রতিনিধি দল নগর ভবনে আসলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান মেয়র আরিফুল হক চৌধুরী। পরে তারা এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে উপহার সামগ্রী তুলে দেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, আসাম রাজ্য সভার এডিশনাল চীফ সেক্রেটারি জশুনা বড়ুয়া, প্রিন্সিপাল সেক্রেটারি অভিনাশ জোশী, সহকারী হাই কমিশনার শ্রী এল. কৃষ্ণমূর্তি, ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব এমএস নবনিতা চক্রবর্তী প্রমুখ।

এছাড়া সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.