Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে সরকারি ধান-চাল সংগ্রহে কৃষকদের তালিকায় মৃত ব্যক্তির নাম

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৭ জুন, ২০১৯

নবীগঞ্জ উপজেলায় সরকারি ধান-চাল সংগ্রহে ইউনিয়ন কৃষি উপ-সহকারী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কর্তৃক তৈরিকৃত তালিকায় মৃত ব্যক্তির ও একই পরিবারে একাধিক নাম অর্ন্তভূক্তিসহ বেশ কয়েকটি অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহবায়ক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা কৃষকের তালিকায় মৃত ব্যক্তির নাম দেয়ার সত্যতা, একই পরিবারে একাধিক নাম দেয়াসহ বেশ কয়েকটি অভিযোগের সত্যতা পেয়েছি। এ ব্যাপারে আমি শীঘ্রই তদন্ত প্রতিবেদন দাখিল করবো।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি তৌহিদ-বিন হাসান বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়ার পর পর আমরা জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও সরকারি ধান-চাল সংগ্রহ কমিটির উপদেষ্টা গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেন, তদন্ত কমিটি সূত্রে জেনেছি সরকারি ধান সংগ্রহে কৃষকের নামের তালিকা তৈরিতে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। প্রকৃত কৃষকদের বাইরে রেখে যারা নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তালিকায় নিজের নাম এবং একই পরিবারে একাধিক নাম অন্তর্ভুক্ত করেছে অবশ্যই সেসব কুচক্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতির বিরুদ্ধে কোনো আপোষ নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.