Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে প্রসাদের সাথে বিষ মিশিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৮ জুন, ২০১৯

জামালগঞ্জে মানসিক রোগে আক্রান্ত স্বামীর সাথে স্ত্রীও আত্মহনন করেছেন। প্রসাদের সাথে ইদুরের বিষ মিশিয়ে সেবন করেন তারা। আত্মহননকারীরা হলেন, উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ভাটি দৌলতপুর গ্রামের অম্রিকা তালুকদার (৫০) ও তার স্ত্রী তৃপ্তি রানী তালুকদার (৩৫)। শুক্রবার দুপুরে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

আত্মহননকারী দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বয়স নয় ও ছেলেটির বয়স ছয় বছর।

এঘটনায় গ্রামের শোকের ছায়া বিরাজ করছে। মা-বাবা হারিয়ে শিশু দুইটি কান্নাকাটি করছে। ঘটনাটি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ওসি এবং স্থানীয় ইউপি সদস্য।

গ্রামের লোকজন জানান, শুক্রবার একদশীর উপবাস ব্রত করেন অম্রিকা তালুকদার ও তার স্ত্রী তৃপ্তি রানী তালুকদার। বেলা ১১ টায় উপবাস ভেঙে প্রসাদ তৈরি করেন। প্রসাদে ইদুরের বিষ মিশিয়ে দেন অম্রিকা। পরে স্বামী-স্ত্রী দুইজনই এই প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। মা-বাবাকে অসুস্থ হতে দেখে ছেলে-মেয়েরা আশপাশের লোকজনকে ডেনে আনেন। খবর পেয়ে স্বজনরা আহত দুইজনকেই জামালগঞ্জ হাসপাতালে নিয়ে যান।

অম্রিকা তালুকদার রাস্তায়ই মারা যান। আর বিকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য অজিত সরকার বলেন, ‘গ্রামের লোকজন জানিয়েছেন অম্রিকা তালুকদার ও তার স্ত্রী প্রসাদের সাথে বিষ মিশিয়ে খেয়ে আত্মহত্যা করেছেন।’ অম্রিকা তালুকদার মানসিক রোগে ভোগছিলেন বলে জানান তিনি।
 
জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘ভাটি দৌলতপুর গ্রামে স্বামী-স্ত্রী একসাথে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। কি কারণে তারা আত্মহত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.