Sylhet Today 24 PRINT

দিরাইয়ে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

দিরাই প্রতিনিধি |  ২৯ জুন, ২০১৯

সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ জুন) দুপুরে বিদ্যালয়ের হল রুমে দিরাইয়ের কৃতি সন্তান টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সার্বিক সহযোগিতায় এ পোশাক বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান গৌছ মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শিল্পী রানী তালুকদারের সঞ্চালনায় পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম।

 বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজসেবক ও শিক্ষানুরাগী সুরঞ্জন রায়, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল হালিম, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সরদার রুমি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সর্দার কামাল হোসেন রানা, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার।

স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী রায়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এই দিরাইয়ের সন্তান টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পোশাক তুলে দিতে পারায় আমি সত্যিই আনন্দিত। এসব মহতি কাজে সমাজের বিত্তবানেরা এগিয়ে আসলে শিক্ষার্থীদের মেধা বিকাশে সহযোগিতা হবে। তাছাড়া অন্যের জন্য কিছু করতে পারলে মনে প্রশান্তি অনুভূত হয়।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, এই বিদ্যালয় থেকেই পড়াশোনা শুরু করে আজ সঞ্জিত কুমার রায় পুলিশ সুপার। তোমাদের মাঝে যেন কোনো হীনমন্যতা না থাকে যে আমরা হাওর এলাকায় শিক্ষার্থী। এই বিদ্যালয় থেকে পড়ে অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছেন। দিরাই থেকেও ঠিকমতো পড়াশোনা করলে তোমরাও জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। এজন্য দরকার একাগ্রতা। পড়াশোনার প্রতি একান্ত প্রচেষ্টা। এসময় নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ের নতুন ভবন তৈরি ও পানি নিষ্কাশন সহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.