Sylhet Today 24 PRINT

বিশ্বনাথ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুন, ২০১৯

সিলেটের বিশ্বনাথ থানাধীন দূর্লভপুর সাকিন এলাকা থেকে একটি একনলা বন্দুক (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) গ্রেপ্তারকৃত ডাকাত আকুল মিয়ার (২৮) তথ্যের ভিত্তিতে বিকাল পৌনে চারটায় বিশ্বনাথ থানাধীন ১নং লামাকাজী ইউনিয়নের দূর্লভপুর সাকিনের দুর্লভপুর মঙ্গলগিরি রাস্তার উত্তর পার্শ্বের ঢালুতে ঝোপের মধ্য থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (৩০ জুন) সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৬ জুন ডাকাতির প্রস্তুতিকালে কুখ্যাত ডাকাত আকুল মিয়াকে (২৮) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে বিশ্বনাথ থানা পুলিশ। বর্তমানে আটক ডাকাত সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা চলাকালীন সময়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করে এবং তার তথ্যের ভিত্তিতে শনিবার একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান খান জানান, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এর দিক নির্দেশনায় ডাকাতি প্রতিরোধে অভিযান চলমান আছে। এই ডাকাতকে গ্রেপ্তারও চলমান অভিযানের অংশ। ডাকাতি প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.