Sylhet Today 24 PRINT

তাহিরপুরে নকলে বাধা দেয়ায় শিক্ষক লাঞ্ছিত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ৩০ জুন, ২০১৯

সুনামগঞ্জের তাহিরপুরে পরীক্ষার্থীকে নকলে বাঁধা দেয়ায় শিক্ষককে  লাঞ্ছিত করেছে বিদ্যালয়টির পরিচালনা কমিটি সদস্যের পুত্র তোফাজ্জল হোসেন (২৫)।  ঘটনাটি ঘটেছে উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে। রোববার (৩০ জুন) সকালে বিদ্যালয়ের অর্ধ বার্ষিক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

অভিযুক্তের তোফাজ্জল হোসেন বাদাঘাট বাজারের কামরাবন্দ গ্রামের আবু তাহের মিয়ার পুত্র।  আবু তাহের মিয়া বাদঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য।

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অর্ধ বার্ষিক পরীক্ষা চলছে। গতকাল রোববারও ছিল বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণকারী শত-শত শিক্ষার্থীর মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু তাহের মিয়ার নাতি ৮ম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী পারভেজ মিয়া পরীক্ষায় অংশগ্রহণ করছিল। পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার্থী পারভেজ মিয়া বাহির থেকে নকল নিয়ে যাওয়া সহ অন্যান্য শিক্ষার্থীদের খাতা টানা হেঁচড়া করে পরীক্ষায় খাতায় লিখছিল।

সে সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজেদুল ইসলাম তা দেখতে পেয়ে তাকে বাধা দেন। তারপরও শিক্ষার্থী পারভেজ বিভিন্ন শিক্ষার্থীকে বিরক্ত করছিল। এক সময় বাধ্য হয়ে তাকে বিদ্যালয় থেকে বের করে দেন শিক্ষক মাজেদুল ইসলাম। বিদ্যালয় থেকে বের করে দেয়ার পর পরীক্ষার্থী পারভেজ মিয়া বাড়িতে গিয়ে তার দাদা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের মিয়াকে জানায়। সে সময় পাশে থেকে আবু তাহের মিয়ার সন্তান তোফাজ্জল শুনতে পেয়ে তাৎক্ষণিক মুহূর্তে বিদ্যালয়ে চলে আসে এবং পরীক্ষার হলে ঢুকে শিক্ষক মাজেদুল ইসলামকে মারধর করে।

একই সাথে বিভিন্ন শিক্ষার্থীদের পরীক্ষার খাতা টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলে। ঘটনাটি দেখে প্রধান শিক্ষক দৌড়ে এসে বখাটে তোফাজ্জলকে বাঁধা দিলে বখাটে তোফাজ্জল প্রধান শিক্ষকের দিকেও তেড়ে আসে। পরবর্তীতে বিদ্যালয়ে সকল শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে এগিয়ে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে সে পালিয়ে যায়।

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিুকল ইসলাম বলেন, "নকলে বাধা দেয়ার জের ধরে বখাটে তোফাজ্জল ঘটনাটি ঘটিয়েছে। আমরা এ বিষয়ে আইনি সাহায্য চেয়ে  উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানিয়েছি।"

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন বলেন, "শিক্ষককে মারধোরের ঘটনায় বখাটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।"

তবে এ ঘটনায় অভিযুক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু তাহের মিয়া কিংবা তার সন্তান তোফাজ্জল কাহারো সাথে কোনরূপ যোগাযোগ করা সম্ভব হয়নি।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইমতিয়াজ বলেন, "শিক্ষকরা আমার কাছে এসেছিলেন। আমি তাদের বলেছি বিষয়টি থানায় জানানোর জন্য। অভিযুক্ত তোফাজ্জলকে থানা পুলিশের মাধ্যমে যতদ্রুত সম্ভব গ্রেপ্তার করে তাকে শাস্তি প্রদান করা হবে।"

তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান বলেন,‘ বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.