Sylhet Today 24 PRINT

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় শ্রীমঙ্গলে স্কুলছাত্রীর ‘শ্লীলতাহানি’

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০১ জুলাই, ২০১৯

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৩০ জুন) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের জাম্বুড়াছড়া নামক স্থানে সোহাগ মিয়া নামের এক যুবক ওই ছাত্রীর 'শ্লীলতাহানি' করে।

ভিকটিম ছাত্রী অভিযোগ করে বলেন, স্কুলে আসা-যাওয়ার পথে প্রতিদিনই সোহাগ আমাকে প্রেমের প্রস্তাব দেওয়াসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলো। গতকাল (রোববার) দুপুরে আমি পরীক্ষা দিয়ে স্কুল থেকে ফেরার পথে রাস্তায় আমাকে একা পেয়ে সোহাগ আমার শ্লীলতাহানি করে।

অভিযোগকারী ছাত্রীর ভাই মোশাহিদ মিয়া জানান, গত এক বছর ধরেই বখাটে সোহাগ আমার বোনকে নানানভাবে উত্যক্ত করতো ৷ গতকাল আমার বোন পরীক্ষা দিয়ে একা বাসায় ফেরার পথে চা-বাগানের নির্জন স্থানে সোহাগ আমার বোনকে এলোপাতাড়ি মারপিট করে আমার বোনের ওড়না ছিড়ে ফেলে মুখ চেপে ধরে শ্লীলতাহানি করে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা রোজিনা আক্তার সোহাগ মিয়া, নুর মিয়া ও বাবুল মিয়ার নামে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.