Sylhet Today 24 PRINT

সিলেটের সাথে নাড়ির সম্পর্ক যুগ যুগ ধরে রাখতে চাই: ফয়সল চৌধুরী সুয়েব

ডেস্ক রিপোর্ট |  ২০ আগস্ট, ২০১৫

চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব বলেছেন, সিলেটের সাথে আমাদের নাড়ির সম্পর্ক। বাংলাদেশের মানুষ আমাদের ভুলে যেতে পারে, তবে সিলেট কখনো ভুলতে পারে না। দূরে অবস্থান করলেও যুগ যুগ ধরে আমাদের এ সম্পর্ক ধরে রাখতে চাই।

তিনি গতকাল বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বক্তৃতায় এ কথা বলেন। ফয়সল চৌধুরী আরো বলেন, প্রবাসীরা জীবন ও সম্পদের নিরাপত্তার কারণে দেশে আসতে চায় না। ফলে ‘জেনারেশন গ্যাপ’ হয়ে যাচ্ছে। এ থেকে উত্তরণে লন্ডনভিত্তিক টেলিভিশন চ্যানেলসহ সংবাদ মাধ্যমগুলো বিশেষ ভূমিকা রাখছে।

রেজা আহমদ ফয়সল চৌধুরী বলেন, সিলেটের ছেলেমেয়েদের ইংরেজি ভীতি ঠেকাতে এখনই উদ্যোগ নিতে হবে। সিলেবাসে ইংরেজি ও তথ্য-পযুক্তিকে গুরুত্ব দিতে হবে। এজন্য প্রবাসীরা সবধরণের সহযোগিতা দিতে প্রস্তুত আছেন।

আরো বলেন, সিলেট থেকে যারা বৃটেনে পাড়ি জমিয়েছে তারা প্রায় সকলেই উচ্চ শিক্ষিত। এখন বৃটেনে ৯৯ ভাগ সিলেটী ছেলেমেয়ে ডাক্তারি, ব্যারিষ্টারি লেখাপড়া করে উচ্চ পদে আসীন হচ্ছে। তারা সবাই এগিয়ে গেছে।

কিন্তু সিলেটে অবস্থানরত ছেলেমেয়েরা শিক্ষায় পিছিয়ে পড়ছে। তাদেরও এগিয়ে নিতে হবে। এ জন্য ইংরেজিতে দক্ষ শিক্ষক দিয়ে পাঠদান ও ল্যাপটপ প্রদানসহ যাবতীয় সহযোগিতা আমরা দিতে প্রস্তুত আছি।

বিদেশ গমনেচ্ছুদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা ইউরোপে যেতে চাচ্ছেন, তাদেরকে একটু খোঁজ নিয়ে যেতে হবে। কারণ, বর্তমানে ইউরোপের অবস্থা খুব একটা ভাল নয়।
বড়দের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানিয়ে যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, সিলেটীদের একটি ঐতিহ্য আছে। লন্ডনে উন্মুক্ত মাদকের বাজারে সিলেটীরা এ থেকে বিরত রয়েছে। তারা মনে রাখে, আমরা সিলেট থেকে এসেছি। আমাদের এই ঐতিহ্য টিকিয়ে রাখতে হবে।

সিলেটের সচেতন লোকজন ও সিটি কর্পোরেশন একসাথে কাজ করলে নগরীর যানজট ও হকার সমস্যা সমাধান সহজ হবে বলে মত দেন এই প্রবাসী সাংবাদিক নেতা। সাংবাদিকদের যেকোন প্রয়োজনে নিজের সবটুকু দিয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

চ্যানেল আই ইউরোপের সিলেট অফিসের উদ্যোগে ফয়সল চৌধুরীকে সংবর্ধনার আয়োজন করা হয়। সিলেট প্রতিনিধি ফয়সল আহমদ মুন্নার সভাপতিত্বে ও সাংবাদিক ফয়সল আলমের স ালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহিউদ্দিন আহমদ সেলিম, সচেতন নাগরিক কমিটি আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি সিনিয়র সাংবাদিক আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাত্তার আজাদ, সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, চ্যানেল এস এর বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী, মরহুম মহিউদ্দিন শীরুর সহধর্মিনী হাসিনা চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান ও সিলেটভিউ২৪ডটকম এর সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট ছাত্র ও যুবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি এইচএম আব্দুর রহমান, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের প্রমুখ। সংবর্ধনা সভার শেষ দিকে অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউরোপের পরিচালক মাহমুদ হোসেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, একুশে টিভির সিলেট প্রতিনিধি ওয়েছ খসরু, সাংবাদিক আমিনুল ইসলাম রোকন, গাজী টিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, নুরুল হক শিপু, চ্যানেল এস এর সিলেট ক্যামেরাপার্সন বেলাল আহমদ, চ্যানেল নাইন এর ক্যামেরা পার্সন শাকিল আহমদ সোহাগ, চ্যানেল আই ইউরোপের ক্যামেরাপার্সন আমির হোসেন সাগর, আলোকচিত্রি আনোয়ার হোসেন আহমদ, দবিরুজ্জামান দিপু, কামরান তালুকদার, কামাল আহমদ, সৌরভ, ফখরুল, ফয়সল প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন নোমান আহমেদ।

সংবর্ধনা অনুষ্ঠানে রেজা আহমদ ফয়সল চৌধুরীকে ক্রেস্ট উপহার দেন চ্যানেল আই ইউরোপের সিলেট প্রতিনিধি ফয়সল আহমদ মুন্না, সিলেট ফ্রিডম প্রোডাকশন, দেশ থিয়েটার, সিলেট ছাত্র ও যুব কল্যাণ পরিষদ ও সিলেট কল্যাণ সংস্থা। এর আগে অতিথিদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন বাউল শিল্পি কালা মিয়া, শিব্বির আহমদ, পপি কর, এফ রহমান, শাহানা আক্তার, সুনিয়া, সাদিয়া, তিশাসহ অন্যান্য শিল্পিরা। উপস্থাপনায় ছিলেন জান্নাতুন নাজনিন আশা।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.