Sylhet Today 24 PRINT

শাহপরাণে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ৩, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক |  ০২ জুলাই, ২০১৯

সিলেটের শাহপরাণে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ৩ জন আহত হয়েছেন। খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা এডভোকেট আফছর আহমদ ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিাক সম্পাদক জাহাঙ্গীর আলমের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সংঘর্ষের পর সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, গত ৩০ জুন সিলেট জেলা যুবলীগের বর্ধিত সভায় যোগ দেয়া নিয়ে অ্যাডভোকেট আফছরের অনুসারী এক কর্মীর উপর হামলা চালায় জাহাঙ্গীর আলমের অনুসারীরা। এর প্রতিবাদে  মঙ্গলবার (২ জুলাই) বিকেলে শাহপরাণ বাজার এলাকায় প্রতিবাদ মিছিল করে এডভোকেট আফছর বলয়ের নেতাকর্মীরা। মিছিল শেষে সেখানেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা জুড়ে আতংকের সৃষ্টি হয়। সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছালেও একসময় শাহপরাণ (র.) থানা পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে। এসময় খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ অফিসে হামলা-ভাংচুর করা হয়।

ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুলিশসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও তিনটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়া হয়। এছাড়াও কয়েকটি দোকানপাট ভাংচুর হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে বলে জানা যায়।

সংঘর্ষের ঘটনায় অ্যাডভোকেট আফছর আহমদের ভাতিজা তাজির গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

রাত আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাঙ্গীর আলমের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে রেখেছিল এডভোকেট আফছর অনুসারীরা।

শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.