Sylhet Today 24 PRINT

সিলেটে সাংবাদিক দম্পতির বাড়িতে জুয়াড়িদের হামলা, আহত ৪

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জুলাই, ২০১৯

সিলেট নগরীর গোয়াইটুলা এলাকায় এক সাংবাদিক দম্পতির বাড়িতে হামলা চালিয়েছে একদল জুয়াড়ি। বুধবার (৩ জুলাই) বেলা দুইটার দিকে সাংবাদিক সাদিকুর রহমান সাকী ও সাংবাদিক সুবর্ণা হামিদের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় তারা। এতে সাংবাদিক সুবর্ণাসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

সাদিকুর রহমান সাকী চ্যানেল আই, রেডিও টুডে ও দৈনিক শেয়ার বীজের সিলেট প্রতিনিধি ও সাংবাদিক সুবর্ণা হামিদ সবুজ সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার।

সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে এয়ারপোর্ট থানার পুলিশ গোয়াইটুলা এলাকায় জুয়াড়িদের ধরতে অভিযানে যায়। কিন্তু জুয়াড়িদের না পেয়ে তারা ফিরে আসে। এরপরই জুয়াড়িরা সাকী-সুবর্ণার বাসভবনে হামলা চালায়।

হামলায় সাংবাদিক সুবর্ণা হামিদ, তাঁর মা, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও জেলা মহিলা লীগের যুগ্ম সম্পাদক জাহানারা খানম মিলন, খালা রাজিয়া খানম দোলন (৫০) এবং ছেলে শাহরিয়ার শিশির (১৪) আহত হন।

এদের মধ্যে শাহরিয়ার গালে দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জুয়াড়িরা ভেবেছিল ওই সাংবাদিকের পরিবার জুয়াড়িদের বিষয়টি পুলিশকে অবহিত করেছে। কিন্তু সেটি ছিল না। আসলে পুলিশ অন্য এক সূত্রের মাধ্যমে জুয়াড়িদের তথ্য পেয়েছে। পুলিশের অভিযানের পরপরই জুয়াড়িরা ক্ষুব্ধ হয়ে সাংবাদিকের বাসায় হামলা চালিয়েছে।

সাংবাদিক সাদিকুর রহমান সাকী জানান, কামরুল, কামাল ও মামুনের নেতৃত্বে একদল জুয়াড়ি তার বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় তিনি একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.