Sylhet Today 24 PRINT

কুলাউড়ার লুহাইনি চা বাগানে ধর্মঘটে শ্রমিকরা

কুলাউড়া প্রতিনিধি |  ০৬ জুলাই, ২০১৯

মৌলভীবাজার কুলাউড়ায় লুহাইনি চা বাগানের শ্রমিকরা ১৩ দফা দাবি নিয়ে ধর্মঘট পালন করছেন। শনিবার (৬ জুলাই) সকাল থেকে স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে এ ধর্মঘট শুরু করেছেন চা বাগানের শ্রমিকরা।

এ ব্যাপারে লুহাইনি চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক রবি ভূমিজ বলেন, "আমাদের ১৩ দফা দাবি নিয়ে গতকাল শুক্রবার (৫জুলাই) দুর্গা মণ্ডপে একটি মিটিং আহ্বান করি। এ কারণে আজ আমাদের দুই জনের কাজ বন্ধ করে দেয় বাগান কর্তৃপক্ষ। তার প্রতিবাদে আমরা আজ থেকেই কর্মবিরতি শুরু করে দিয়েছি।"

তিনি আরো বলেন, "আমাদের চা বাগানের বর্তমান সংকট মোকাবিলায় সকল চা বাগানের চা-শ্রমিক ও ছাত্র যুবকদের আহ্বান জানাচ্ছি।"

চা-শ্রমিক নেতা বিশ্বজিৎ কৈরী বলেন, "আজ আমরা আমাদের ১৩ দফা দাবি নিয়ে বাগান মালিকদের কাছে বার বার গিয়ে কোন সুরাহা তো হই নি উপরন্তু আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এই চা-বাগানের বর্তমান অবস্থা খুবই খারাপ। এখানে শ্রমিকদের দাবি পূরণে মালিকপক্ষ কোন উদ্যোগ হাতে না নেয়ায় চা-শ্রমিকরা আন্দোলন-সংগ্রামের পথ বেছে নিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবো।"

শ্রমিকদের ১৩ দফা দাবি হলো:

  • জোরপূর্বক চা শ্রমিকদের জায়গা-জমি কেড়ে নেয়া যাবে না।
  • দীর্ঘদিন থেকে কাজ করা অস্থায়ী চা-শ্রমিকদের অবিলম্বে স্থায়ী করতে হবে।
  • চা-শ্রমিকদের ঘর-বাড়ি মেরামতে উদ্যোগ নিতে হবে।
  • মন্দির-মসজিদের রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় লোক নিয়োগ করতে হবে।
  • শ্মশানঘাটের জায়গা দখল করা যাবে না।  
  • গো-চারণের জন্য নির্ধারিত দখলকৃত জায়গা ফিরিয়ে দিতে হবে।
  • স্থানীয় ঠিকা শ্রমিকদের জন্যও রেশনের ব্যবস্থা করতে হবে।
  • চা-শ্রমিকদেরকে উন্নতমানের চিকিৎসাসেবা প্রদান করতে হবে।
  • প্রত্যেক চা শ্রমিক পরিবারে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা করতে হবে।
  • স্প্রেয়িং সেকশনে কর্মরত সকল শ্রমিকদের প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করতে হবে।
  • নারী চা-শ্রমিকদের দিয়ে চা কারখানায় কাজ করানো যাবে না।
  • অবসরপ্রাপ্ত শ্রমিকদের রেশনের ব্যবস্থা করতে হবে।
  • চা-বাগানের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতায় বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.