Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ব্রিজ ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুলাই, ২০১৯

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সারি-গোয়াইনঘাট সড়কের বার্কিপুরে বেইলি ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় সিমেন্টবাহী একটি ট্রাক সিলেট শহর থেকে গোয়াইনঘাট উপজেলা সদরের উদ্দেশে যাত্রাকালে বার্কিপুর বেইলি ব্রিজের ওপর পৌঁছামাত্র ব্রিজটির কয়েকটি সিলপার্ট ভেঙ্গে ট্রাকটি খালে পড়ে যায়।

সিমেন্ট বোঝাইকৃত ট্রাকটি খালে পড়ে থাকায় যাত্রীসাধারণের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

গোয়াইনঘাট উপজেলা সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে অবস্থিত বার্কিপুর বেইলি ব্রিজ। সিলেট-তামাবিল মহাসড়ক থেকে সারিঘাট হয়ে গোয়াইনঘাট উপজেলা সদরে প্রতিদিন যাত্রীবাহী ও মালবাহী হাজারো যানবাহন চলাচল করে এ ব্রিজ দিয়ে। সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও ব্যবসায়ীরা এ সড়কের উপর দিয়ে যাতায়াত করেন। একসময় গোয়াইনঘাট উপজেলা সদরে প্রবেশের একমাত্র প্রধান সড়ক হিসেবে এ সড়কটি ব্যবহৃত হতো।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, সারি-গোয়াইনঘাট সড়কের বার্কিপুরে বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি সিলেট সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এছাড়া আলীরগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন সন্নিকটে থাকায় বিষয়টি জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.