Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে নৌকাডুবিতে দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুলাই, ২০১৯

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে নৌকাডুবিতে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।  রোববার (৭ জুলাই) সকালে ২ শ্রমিকের লাশ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ধলাই নদীর টুকেরবাজার এলাকায় বালু বোঝাই নৌকা নিয়ে অবস্থান করেন ২ শ্রমিক। ওই জায়গায় নৌকা থামিয়ে ঘুমিয়ে পরেন তারা। রাতে বৃষ্টিতে বালু বোঝাই নৌকার ওজন বৃদ্ধি পেয়ে নদীতে তলিয়ে যায়। এতে ঘুমন্ত অবস্থায় থাকা দুজন শ্রমিক মারা যান। সকালে পুলিশ এসে ডুবুরি দিয়ে শ্রমিক দুজনের লাশ উদ্ধার করে।

এদিকে একই জায়গায় বিকাল সাড়ে ৩টায় খেয়া পাড় হতে গিয়ে একটি বালু বোঝাই নৌকার সাথে ধাক্কা লেগে যাত্রী নিয়ে আরেকটি নৌকা ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।  

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম সিলেট টুডেকে বলেন, রাতে বৃষ্টিতে বালু বোঝাই নৌকা তলিয়ে যায় নদীতে। ওই নৌকায় ২ জন শ্রমিক ঘুমন্ত অবস্থায় ছিলেন। নৌকা তলিয়ে যাওয়ায় তারা মারা যান। সকালে দুজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। একই জায়গায় বিকাল সাড়ে ৩টার দিকে আরেকটি নৌকা ডুবির ঘটনা হলেও এতে কেউ মারা যাননি। স্থানীয়রা একজন শিশু নিখোঁজের কথা বললেও এর কোনো সত্যতা পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.