নিজস্ব প্রতিবেদক | ০৭ জুলাই, ২০১৯
জাতির পিতা বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে সিলেট মহানগর পুলিশ। সভায় বঙ্গবন্ধুর জন্মদিনে সিলেট পুলিশ লাইন্সে ‘বঙ্গবন্ধু প্যারেড’ অনুষ্ঠানের আয়োজন করাসহ বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়।
রোববার (৭ জুলাই) দুপুর ১২টায় মহানগর পুলিশ সদর দপ্তর নাইওরপুলের কনফারেন্স হলে সভা অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর কর্ম ও জীবনী বিষয়ক আলোচনা সভা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক স্মরণিকা প্রকাশ, বছরব্যাপী বঙ্গবন্ধু প্রত্যাশা অনুযায়ী দৃশ্যমান সেবাসমূহ প্রদান করা, বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত আলোকচিত্র প্রদর্শনী ও বঙ্গবন্ধুর ওপর বিভিন্ন গান, কবিতা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বইমেলা আয়োজন করা, পুলিশ লাইন্সে ‘বঙ্গবন্ধু প্যারেড’ অনুষ্ঠানের আয়োজন করাসহ বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করার জন্য সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব পরিতোষ ঘোষ এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকারসহ এসএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।