Sylhet Today 24 PRINT

ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলো গোয়াইনঘাটের ভেঙ্গে পড়া সেতুটি, সংস্কারে লাগবে ৭ দিন

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুলাই, ২০১৯

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সারী-গোয়াইনঘাট সড়কের বেইলি ব্রিজ মেরামতে ৭ দিনের মতো সময় লাগতে পারে। সংস্কারের পূর্ব পর্যন্ত ওই সড়কে বন্ধ থাকবে যান চলাচল।

দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়া ঝুঁকিপূর্ণ এই সেতুটি রোববার দুপুরে ভেঙ্গে যায়। এসময় সেতু ভেঙ্গে সিমেন্ট বোঝাই একটি ট্রাক খালে পড়ে যায়। এরপর থেকে ওই সড়ক দিয়ে উপজেলা সদরে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ, সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া বলেন, সোমবার থেকে সেতুটি সংস্কারে কাজ শুরু হবে। সংস্কার কাজ শেষ হতে ৭দিনের মতো সময় লাগতে পারে।

তিনি বলেন, গোয়ানাইঘাটের সাথে সিলেটের যোগাযোগের একাধিক সড়ক রয়েছে। তাই এই সড়ক বন্ধ থাকলেও যাত্রীদের খুব বেশি দুর্ভোগে পড়তে হবে না।

স্থানীয় সুত্রে জানা যায়, রোববার দুপুরে সিলেট শহর থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেঃ টঃ ১৩-৪২৮৫) গোয়াইনঘাট উপজেলা সদরে উদ্দেশ্যে রওয়ানা দেয়। ট্রাকটি সিলেট-তামাবিল মহাসড়ক পাড় হয়ে সারী-গোয়াইনঘাট সড়কের বারকীপুর গ্রাম সংলগ্ন জরাজীর্ণ বেইলি সেতুতে উঠামাত্রই সেতুটির মাঝখানের অংশ ভেঙ্গে ট্রাকটি খালে পড়ে যায়।

এর আগে গত ২০১৬ সালের সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ সিমেন্ট বোঝাই আরেকটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে সেতুটি ভেঙ্গে পড়েছিল।

স্থানীয়রা অভিযোগ করে জানান, একসময় সিলেট শহর থেকে গোয়াইনঘাট উপজেলা সদরে যাতায়তের ক্ষেত্রে একমাত্র সড়ক হিসেবে সারী-গোয়াইনঘাট সড়কটিই ব্যবহৃত হতো। বর্তমানেও সিলেট-তামাবিল মহাসড়ক থেকে সারীঘাট হয়ে ওই সড়ক ধরে গোয়াইনঘাট উপজেলা সদরে প্রতিদিন যাত্রী ও মালবাহীসহ বিভিন্ন ধরনের শত শত যানবাহন চলাচল করে। বারকীপুরের ওই বেইলি সেতুটি দীর্ঘদিন থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কিন্তু এটি সংস্কারে কোনো উদ্যোগ নেয় নি সড়ক ও জনপথ কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.