নিউজ ডেস্ক | ২২ আগস্ট, ২০১৫
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সুমাইয়া আক্তার মুন্নী (৩০) নামে এক গৃহবধূকে খুন করেছে তার স্বামী মুহিউদ্দিন (৪৮)। এ ঘটনায় মুহিউদ্দিনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) সকালে কাদিপুর ইউনিয়নের চুনঘর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুহিউদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সকালে সামান্য কথা কাটাকাটির জের ধরে তার স্ত্রীকে বাড়ির পুকুরে ডুবিয়ে হত্যা করে। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কুলাউড়া থানার উপ পরিদশর্দক (এসআই) নুর হোসেন জানান, এ ঘটনায় স্বামী মুহিউদ্দিনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।