Sylhet Today 24 PRINT

বন্যা কবলিত এলাকা পরিদর্শনে সিলেট আসছেন দুই মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জুলাই, ২০১৯

সিলেট বিভাগের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম। আগামী ১৭ ও ১৮ জুলাই সিলেটের চার জেলায় বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করে স্থানীয়দের মধ্যে ত্রাণ বিতরণ করার কথা রয়েছে তাদের।

এদিকে সিলেট বিভাগের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এ দুই মন্ত্রীর সাথে সিলেট আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামালও সিলে আসছেন বলে নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান।

এ ব্যাপারে তিনি বলেন, ‘দুই মন্ত্রীর সঙ্গে সচিব, আঞ্চলিক উপপরিচালকসহ (ডিডি) গুরুত্বপূর্ণ বিভাগের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা থাকবেন।’

১৭ জুলাই বুধবার ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা শুরু করবেন তারা। ওইদিন সকালে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন। পরে বিকেলে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বিভিন্ন বন্যা কবলিত স্থান পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করবেন। একই দিন সন্ধ্যায় সিলেট জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে রাত ৮টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় করবেন। ওইদিন সিলেট সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন তারা।

পরদিন ১৮ জুলাই সিলেট থেকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উদ্দেশে রওনা দেবেন। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে দুপুর ১২টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.