Sylhet Today 24 PRINT

বন্যায় কমলগঞ্জে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৮ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চার দিনের বন্যায় এলজিইডির ১০টি রাস্তার প্রায় ৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে রাস্তার বিভিন্ন অংশে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে উপজেলার বন্যা আক্রান্ত এলাকার রাস্তাসমূহ বিপর্যস্ত হয়ে পড়েছে।

যানবাহন চলাচল ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কয়েকটি গ্রামের যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। ফলে বন্যায় এলজিইডির ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

কমলগঞ্জ এলজিইডি সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলায় ৪দিনের বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ভানুগাছ ভায়া চৈতন্যগঞ্জ মূল সড়কের রামপাশা এলাকায় পানি তোড়ে প্রায় ১০০ মিটার রাস্তা সম্পূর্ণ ভেঙ্গে যাওয়ায় ২ দিন ধরে তিনটি গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া ভানুগাছ-সরইবাড়ি রাস্তার ৯০০ মিটার, আদমপুর জিসি ভানুগাছ জিসি ভায়া ইসলামপুর রাস্তা ২০০ মিটার, আদমপুর আদকানী বাজার ভায়া কাউয়ারগলা রাস্তা ৪০০ মিটার, আদমপুর ইউপি অফিস ভায়া ভানুবিল জাঙ্গালিয়া মঙ্গলপুর রাস্তা ১ হাজার মিটার, গোলের হাওর-ইসলামপুর অফিস রাস্তা ১০০ মিটার, আলীনগর চৌমুহনী ভায়া পূর্বকালীপুর ২০০ মিটার রাস্তাসহ সারা উপজেলায় প্রায় ৬ কিলোমিটার সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ১ কোটি ৫০ লাখ টাকা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাস্তাগুলোর বিভিন্ন অংশের পিচ ও পাথর সরে গেছে। কোথাও কোথাও রাস্তার ৫ থেকে ১০ ফুট সড়কের মাটি বন্যার পানিতে ভেঙে গেছে। রাস্তাগুলোতে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলজিইডির কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, বন্যায় কমলগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেড় কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। প্রতিদিন উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠাচ্ছেন। দিন দিন ক্ষতির পরিমাণ বাড়ছে। প্রতিদিন রিপোর্ট পাঠানো হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.