Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২১ জুলাই, ২০১৯

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে নিহত দুই পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

শনিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের বজ্রপাতে নিহত বানু হোসেন (৪০) এবং সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের ছাবিদুর রহমান চৌধুরীর পরিবারের মধ্যে এই সহায়তা প্রদান করেন তিনি।

মানবিক সহায়তা তহবিল হতে নিহত দুই পরিবারের মধ্যে ৪০ হাজার করে ৮০ হাজার টাকা এবং পরিবারের প্রত্যেক সদস্যের জন্য নতুন কাপড় ও শুকনা খাবার দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ শান্তিপুর ও কাশিপুর গ্রামে নিহতের বাড়ি গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

এ সময় জেলা প্রশাসক বলেন, এ অবস্থায় নিহতদের পরিবারকে সাহায্য সহযোগিতার চেয়ে পাশে দাঁড়িয়ে সমবেদনা জানানোই মূল বিষয়। হাওরাঞ্চলে বজ্রপাতে প্রাণহানি রোধে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা বাড়ানো।

এ সময় বজ্রপাত থেকে বাঁচতে আবহাওয়া খারাপ দেখলে খোলা স্থানে না থাকার পরামর্শ দেন তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, নিহতদের পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে সরকারিভাবে ঘর নির্মাণ করে দেয়া হবে। তাছাড়া সরকারের অন্যান্য সহায়তার আওতায় নিয়ে আসা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতিমা, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী কমিশনার মঞ্জুরুল আলম, স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ প্রমুখ।

প্রসঙ্গত, ১০ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার সময় জামালগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের সাবিদুর রহমান চৌধুরী (৪৫) ও তার ছেলে অন্তর চৌধুরী (১০) এবং ১৯ জুলাই শুক্রবার সকালে পাগনার হাওরে মাছ ধরতে গিয়ে ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের নুর ইসলাম ছেলে বানু হোসেন (৪০) ও তার ছেলে সুমন মিয়া (১৪) নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.