Sylhet Today 24 PRINT

৭২ বছর পর দখল মুক্ত হল সিসিকের ১০ কোটি টাকার ভূমি

সরকারী জমি দখলকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০১৯

প্রায় ৭২ বছর থেকে দখলে থাকা সিলেট নগরের শেখঘাট খুলিয়াপাড়ায় সিসিকের মালিকানাধীন প্রায় ১০ কোটি টাকা মূল্যের ৪০ শতক ভূমি উদ্ধার করা হয়েছে।

রোববার ( ২১ জুলাই ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক পুলিশ নিয়ে এই জমি উদ্ধার করা হয়। উদ্ধার করে জমির চার পাশে দেয়াল ও সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে।

সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের ১৩নং ওয়ার্ডের শেখঘাট খুলিয়াপাড়া মিউনিসিপালিটি মৌজার জে এল নং- ৯১ এর ৩৭৫১ ও ৩৭৫২ নং দাগে মোট ৩৯.৮৫ শতক জমির মালিক সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

১৯৪৭ ইংরেজিতে তৎকালীন মিউনিসিপালিটি কর্তৃপক্ষ ঐ এলাকার জনৈক এক ব্যাক্তিকে শর্ত সাপেক্ষে লীজ প্রদান করে। এর পর থেকেই মূল্যবান এই ভূমি সিসিকের হাত ছাড়া হয়ে যায়।

বর্তমান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হওয়ার পর নগরবাসীকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ছড়া, নালা, খাল, রাস্তা প্রশস্থকরণ, যানজট নিরসন, হকার উচ্ছেদ, সরকারী ও সিটি করপোরেশন জমি উদ্ধারে অভিযান শুরু করেন।

এরই ধারাবাহিকতায় মেয়র আরিফুল হক চৌধুরী নগরের শেখঘাট খুলিয়াপাড়া এলাকায় দখল হয়ে যাওয়া সিসিকের মূল্যবান জমি উদ্ধারে আদালতের শরণাপন্ন হন। আদালতের রায় সিসিকের পক্ষে আসলে রোববার দুপুরে মেয়র জমি উদ্ধার জন্য ব্যবস্থা গ্রহণ করেন।

উদ্ধার অভিযান শেষে মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘সিসিকের মালিকানাধীন ৩৯.৮৫ শতক জমি স্থানীয় কতিপয় প্রভাবশালীদের দখলে ছিল। জমি দখল করে তারা এখানে ঘর-বাড়ি, দোকানপাট নির্মাণ করে। গত প্রায় এক বছর থেকে দখলে নেয়া সিসিকের জমি ছাড়তে দখলদারদের বার বার নোটিশ দিলেও তাতে কোন কাজ না হওয়ায় এ অভিযান চালানো হয়েছে ।

এসময় তিনি আরো জানান, নগরের অন্যান্য এলাকায়ও সরকারী ও সিসিকের জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থাসহ জমি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সিসিকের ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, আজাদুর রহমান আজাদ, সিকন্দর আলী, রকিবুল ইসলাম ঝলক, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, আফতাব হোসেন খান, রাশেদ আহমদ, শাহনা বেগম শানু, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান সহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.