Sylhet Today 24 PRINT

লালদিঘীর পাড় থেকে পেট্রোল বোমাসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৩ আগস্ট, ২০১৫

সিলেট নগরীর লালদিঘীরপাড় থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ৫টি ইলেক্ট্রিক ডেটোনেটরসহ বিপুল পরিমাণ বোমা উদ্ধার করেছে র‌্যাব।

রোববার বিকেলে লালদিঘীরপাড় এলাকায় একটি গোডাউনের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

র‌্যাব-৯ এর মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মাঈন উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের বিশেষ একটি দল অভিযান চালিয়ে উচ্চক্ষমতা সম্পন্ন ৫টি ইলেকট্রিক ডেটোনেটর, ৮টি পেট্রোলবোমা, ৫টি পাওয়ার জেল, ২টি হাত বোমা ও ৯টি পটকা চকলেট বোমা উদ্ধার করেছে।

তবে বোমাগুলো কে বা কারা রেখে যেতে পারে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.