Sylhet Today 24 PRINT

আরব আমিরাতে ২ দিন নিখোঁজ থাকার পর রাজনগরের যুবকের লাশ উদ্ধার

সেলিম আহমেদ, কুলাউড়া |  ২৩ আগস্ট, ২০১৫

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের আল-আইন শহর থেকে রাজনগর উপজেলার বাসিন্দা রিংকু দেব (২৯) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার গভীর রাতে ওই এলাকার দুটি ভবনের মধ্যবর্তী স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর খবরে রাজনগরে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

জানা যায়, রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খলাগ্রামের রণধীর দেবের ছেলে রিংকু দেব প্রায় ৭ বছর আগে আরব আমিরাত যান। সেখানে তিনি শারজা শহরের আল-আইন এলাকায় কন্সট্রাকশনের কাজ করতেন। ৪ বছর আগে একবার দেশেও এসেছিলেন। গত বুধবার (১৯ আগষ্ট) বাড়িতে ফোন দিয়ে জানিয়ে ছিলেন সেখানে তার এক সহকর্মীর কাছে কিছু টাকা পাওনা রয়েছে। ওই টাকাসহ দু’একদিনের মধ্যে ৪ লাখ টাকা পাঠাচ্ছেন। কিন্তু ওইদিন (বুধবার) রাতে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি তার রুমমেট বাড়িতে ফোন দিয়ে জানিয়েছিলেন।

পরে গত শুক্রবার (২১ আগষ্ট) গভীর রাতে ওই দেশের পুলিশ আল আইন এলাকার দু’টি ভবনের মধ্যবর্তী স্থান থেকে লাশ উদ্ধার করে। নিহত রিংকুর শরীরে কোন ক্ষতচিহ্ন আছে কি না বা কি কারণে নিহত হয়েছেন তা কেউ বলতে পারছে না।

নিহত রিংকু দেবের ভাই রণজিৎ দেব জানান, রিংকু বিয়ে করেননি। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে রেখেছে। এ ব্যাপারে খোজ নেয়ার জন্য তাদের পরিচিত প্রভাস মল্লিক নামে একজন দুবাই শহর থেকে শারজা যাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.