Sylhet Today 24 PRINT

প্রিয়া সাহার বক্তব্যের কারণে সিলেটের সম্প্রীতি যেনো নষ্ট না হয়

সংবাদ সম্মেলনে সিলেটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুলাই, ২০১৯

প্রিয়া সাহার বক্তব্যকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতির সিলেটে যেনো কেউ কোন সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সিলেটের সম্প্রীতি যা্তে নষ্ট না হয় এ ব্যাপারে পুলিশও সতর্ক রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন সিলেটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুল আলম।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি নারী প্রিয়া সাহা দেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে নালিশ করা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এতে উত্তেজনাও ছড়াচ্ছেন কেউ কেউ।

এনিয়ে একটি প্রশ্নের জবাবে তাই সম্প্রদায়িক সম্প্রতি অটুট রাখার আহ্বান জানান পুলিশ সুপার।
 
মূলত পদ্মাসেতু নিয়ে গুজব ছড়ানো ও ছেলেধরা সন্দেহে গণপিটুনি প্রতিরোধে পুলিশের উদ্যোগ সম্পর্কে জানান দিতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

এতে মাহবুবুল আলম বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা বা রক্ত লাগবে বলে গুজব ছড়িয়ে একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিল করছে।

এই গুজব প্রতিরোধে পুলিশ সক্রিয় এবং এ ব্যাপারে ব্যাপক প্রচারণা চালাতে তিনি সিলেট গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান।

প্রেস ব্রিফিংয়ে মাহবুবুল আলম বলেন, পদ্মা সেতু নিয়ে একটি মহল গুজব ছড়িয়ে ফায়দা হাসিল করছে। ইতিমধ্যে সন্দেহবশতঃ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। তবে সিলেটে তেমন কিছু ঘটেনি। জনগন, পুলিশ ও মিডিয়াকর্মীদের সচেতন ভূমিকার কারণে এই কলংক থেকে সিলেট জেলা এখনো মুক্ত।

তিনি বলেন, আইজিপি বিষয়টি মনিটরিং করছেন এবং তাঁর নির্দেশে সিলেটসহ সারাদেশে পুলিশ গুজব প্রতিরোধে মাঠে নেমেছে।

তিনি বলেন, গুজব ছড়ানো বা এতে প্রভাবিত হয়ে কোন কাজ করা ফৌজদারি অপরাধ। এ ব্যাপারে আরো প্রচারণা চালাতে তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, যেসব ফেসবুক অ্যাকাউন্ট বা অনলাইন সংবাদ পত্র থেকে গুজব ছড়ানো হচ্ছে, আমরা সেগুলো মনিটরিং করছি। দ্রুত তাদের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) লুৎফর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.