Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর যুবলীগের সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক  |  ২৭ জুলাই, ২০১৯

সিলেট মহানগর যুবলীগের সম্মেলনের উদ্বোধন হয়েছে। শনিবার বেলা ৩টায় সিলেট নগরীর রেজিস্টারি মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

যুবলীগ চেয়ারম্যানের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এসময় দলীয় পতাকা উত্তোলন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান।

এরপরে শুরু হয় আলোচনা সভা। মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে এতে উদ্বোধনী বক্তব্য রাখেন মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

১৪ বছর পর মহানগর যুবলীগের এই সম্মেলন হচ্ছে। সন্ধ্যায় রিকাবীবাজারের অনুষ্ঠিত হবে কাউন্সিল। এতে গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হবে মহানগর যুবলীগের পরবর্তী নেতৃত্ব।
 
এরআগে বেলা ১২টার পর থেকে নসগরীর বিভিন্ন এলাকার যুবলীগ নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনস্থল সিলেট রেজিস্টারি মাঠে প্রবেশ করেন। এসময় তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলন স্থলের চারপাশ। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন।  অনেকের মাথায় ছিল রঙিন ক্যাপ।

সম্মেলনকে কেন্দ্র করে রেজিস্টারি মাঠ সংলগ্ন এলাকার চারপাশ বিভিন্ন প্রার্থীর ব্যানার ও ফেসটুনে ছেয়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.