Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে নিখোঁজের ৪ দিন পর ঢাকা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৯ জুলাই, ২০১৯

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিখোঁজের ৪দিন পর গোপাল চন্দ্র দাস নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমাবার (২৯ জুলাই) সকাল ১১ টার দিকে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করে বংশাল থানা পুলিশ।

নিহত গোপাল দাস উপজেলার চরহামুয়া গ্রামের মৃত গোপেশ চন্দ্র দাসের ছেলে। তিনি শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারে সুমন প্লাজায় ‘বস্ত্র মেলা’ দোকানের মালিক।

শায়েস্তাগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ আনিছুজ্জামান জানান, ঢাকার নবাবপুর হোটেল ফারুক এর একটি কক্ষ থেকে গোপাল চন্দ্র দাসের মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে ২৬ জুলাই গোপাল দাসের ছেলে সাগর দাস শায়েস্তাগঞ্জ থানায় পিতা নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে উল্লেখ করা হয়, গত ২৫ জুলাই দুপুর ২টায় বাসা থেকে দোকানে ও নবীগঞ্জে আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যাবেন বলে বের হন।

বিকাল ৩টার দিকে অন্য একজনের মোবাইল নাম্বার থেকে স্ত্রীকে জানান তার মোবাইলটি ভুলে বাসায় রেখেছেন। তার আসতে দেরি হবে। তারপর থেকে আর তাকে পাওয়া যাচ্ছে না। ওই নাম্বারে ফোন দিলে জনৈক ব্যক্তি জানায়, তিনি নারায়নগঞ্জে বাস থেকে নেমেছেন। তবে কোথায় যাবেন তিনি জানেন না।

ওসি আরো জানান, এ ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.