Sylhet Today 24 PRINT

চাতলাপুরে বিজিবি-বিএসএফ বৈঠক

সীমান্তে পারস্পরিক সমস্যা সমাধান ও সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৯ জুলাই, ২০১৯

ভবিষ্যতে সীমান্ত সংক্রান্ত যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে কমান্ডার পর্যায়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির উপর গুরুত্বারোপ করে চাতলাপুরে বিজিবি-বিএসএফ বৈঠক সম্পন্ন হয়েছে।

সোমবার (২৯ জুলাই) মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগান ব্যবস্থাপকের বাংলোয় বাংলাদেশ-ভারত (বিজিবি-বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় ও সৌজন্য বৈঠক করা হয়।

সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ওই বৈঠকে সৌজন্য সাক্ষাতসহ আন্তঃসীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, অস্ত্র চোরাচালান ও মাদক চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উভয়পক্ষ সীমান্তে অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল জোবায়ের হাসনাৎ এবং ভারতের নেতৃত্ব দেন পক্ষে বিএসএফ পানিসাগর ও তেলিয়ামুড়া সেক্টরের ডিআইজি শ্রী সিন্দু কুমার ও শ্রী রাজিব কুমার।

এ সময় বিজিবির শ্রীমঙ্গলস্থ ৪৬ ব্যাটেলিয়ন কমান্ডার ল্যা. কর্নেল আরিফ আহমদসহ বিজিবি এবং বিএসএফ এর সংশ্লিষ্ট ব্যাটালিয়ন অধিনায়কগণ এবং সংশ্লিষ্ট স্টাফ অফিসারগণ অংশগ্রহণ করেন।

বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল জোবায়ের হাসনাৎ, জানান, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উভয় সেক্টর কমান্ডারের সৌজন্য সাক্ষাত ও বৈঠকে দুই প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা হয়। এর মধ্যে সীমান্ত রেখায় অবৈধভাবে অতিক্রম করার বিরুদ্ধে নজরদারী আরো বাড়ানোর বিষয়ে একমত হন। এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ দমনে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য উভয় পক্ষ জোরদার ভূমিকা রাখার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, বৈঠকে বিজিবির পক্ষ থেকে অবৈধভাবে সীমান্ত পারাপার, ভারত হতে চোরাচালানীর মাধ্যমে গরু, মদ, ফেন্সিডিল, নিষিদ্ধ পাতা বিড়িসহ বিভিন্ন মাদক ও অবৈধ পণ্য বাংলাদেশে প্রবেশ বন্ধ করার ব্যাপারে বিএসএফ কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। এছাড়াও ভারত-বাংলাদেশ সীমান্তের প্রস্তাবিত বিভিন্ন বিষয়সমূহ দ্রুত সমাধান করার সম্ভাব্যতা যাচাই করা হয়।

চাতলাপুর আইসিপির বিভিন্ন কার্যক্রম আরো বেগবান করার উদ্দেশ্যে চাতলাপুরে বিজিবি কর্তৃক ডিউটির জন্য অবকাঠামো নির্মাণ, ল্যান্ড কাস্টম ষ্টেশন নির্মাণের ব্যাপারে বিএএসএফ এর প্রস্তাবনার খুঁটিনাটি দিক পর্যালোচনা করা হয়।

বৈঠকে ভারতের পক্ষে বিএসএফ পানিসাগর সেক্টরের ডিআইজি শ্রী সিন্দু কুমার জানান, ভারতীয় অংশে মনু নদীর কারণে ক্ষতিগ্রস্ত গ্রাম-সামরুমুক বেড়িবাঁধ নির্মাণ, পুরাতন শ্মশানঘাট পূণঃনির্মাণসহ কতিপয় অবকাঠামোগত সুবিধা নির্মাণের বিষয়ে আলোচনা হয়। উভয় দেশের সীমান্তে বসবাসকারী জনগণের জীবনের নিরাপত্তা প্রদান নিশ্চিত করণের বিষয়ে বিস্তারিত আলোচনাপূর্বক একমত পোষণ করা হয়। ভবিষ্যতে আস্থা বৃদ্ধি সহায়ক বিভিন্ন কার্যক্রম (খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান) অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

চাতলাপুর সীমান্ত সীমান্ত হাট ও স্থল শুল্ক স্টেশনে কার পাস সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএসএফ-এর পানিসাগর সেক্টরের ডিআইজি শ্রী সিন্দু কুমার বলেন, ভারতের কমলপুর সংলগ্ন বাংলাদেশ এলাকা, বাংলাদেশের মুড়ইছড়া সীমান্ত হাটের যাচাই চলছে। অদূর ভবিষ্যতে সেগুলো হবে। চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে প্রয়োজনীয় কার পাসেরও কাজ চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.