Sylhet Today 24 PRINT

দুই শামীমের কাঁধে সিলেট জেলা যুবলীগ

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুলাই, ২০১৯

সভাপতি-সম্পাদক হিসেবে দুই শামীমকেই বেছে নিয়েছেন সিলেট জেলা যুবলীগের কাউন্সিলররা। সিলেট জেলা যুবলীগের সম্মেলনে সভাপতি পদে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক পদে যুবলীগ নেতা শামীম আহমেদ বিজয়ী হয়েছেন।

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাতে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে তাঁরা বিজয়ী হন।

সভাপতি পদে শামীম ১১৫ ভোট এবং সাধারণ সম্পাদক পদে শামীম পেয়েছেন ১০৭ ভোট।

সভাপতি পদের অপর দুই প্রার্থী সেলিম উদ্দিন সেলিম ৮৬ ও অ্যাডভোকেট আলমগীর ৭৩টি ভোট পান।

সাধারণ সম্পাদক পদের অন্য প্রার্থী জাহাঙ্গীর আলম ৭১, অ্যাডভোকেট আফছর আহমদ ৬৭ ও জাহিদ সারোয়ার সবুজ পেয়েছেন ৩৩ ভোট। বাতিল হয়েছে ৩টি ভোট।

সোমবার (২৯ জুলাই) সকাল ১১টায় সিলেট জেলা যুবলীগের সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

সন্ধ্যা সাতটার দিকে সিলেট নগরীর রিকাবিবাজারস্থ নজরুল অডিটোরিয়াম কাউন্সিলরদের ভোটগ্রহণ পর্ব শুরু হয়। কাউন্সিলররা ব্যালট বাক্সে তাদের ভোট প্রদান করেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী আর পরিচালনা করেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.