Sylhet Today 24 PRINT

ছাত্রদের চুল-দাড়ি ‘বখাটে ও মডেলিং’ স্টাইলে কাটা যাবে না, ওসির নির্দেশ

কানাইঘাট প্রতিনিধি |  ২৯ জুলাই, ২০১৯

ছাত্র ও তরুণদের চুল-দাড়ি 'বখাটে ও মডেলিং' স্টাইলে না কাটতে সেলুন মালিকদের নির্দেশ দিয়েছেন সিলেটের কানাইঘাট থানারও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ। এই নির্দেশ অমান্য করলে সেলুন ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন ওসি।

সোমবার বিকেল ৪টায় তিনি নিজের কার্যালয়ে কানাইঘাট বাজারের সকল সেলুন ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে এ নির্দেশ দেন তিনি।

এ সময় ওসি আব্দুল আহাদ সেলুন ব্যবসায়ীদের বলেন, কানাইঘাটে ছাত্র ও উঠতি বয়সের যুবকদের বখাটেপনা স্টাইলে চুল এবং দাড়ি ও গোঁফ মডেলিং করে কাটা যাবে না। 'বখাটে স্টাইলে' চুল কাটার পোস্টার সেলুন থেকে সরিয়ে ফেলতে হবে। এখন থেকে যারা এসব কথা অবজ্ঞা করে 'বখাটে স্টাইলে' চুল-দাড়ি কাটবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, 'বখাটে' স্টাইলে চুল কাটার বিষয়ে প্রায় সময়ই ছাত্র ও যুবকদের অভিভাবকরা তার কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন। কারণ ছাত্র ও যুবকরা বিভিন্ন স্টাইলে চুল কেটে বখাটেদের মতো ঘুরাফেরা করে ইভটিজিংসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে এবং এসব স্টাইলে মানুষের চেহারার সৌন্দর্য্যের বিপর্যয় ঘটে। এতে করে সমাজের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। 'বখাটে ও মডেলিং' স্টাইলে চুল ও দাড়ি কাটা বাঙালি সাংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থি।

সভায় উপস্থিত সেলুন মালিকরা বলেন, অনেক তরুণ শিক্ষার্থী ও যুবকরা এসে তাদেরকে বিভিন্ন স্টাইলে চুল ও দাঁড়ি কাটার কথা বলে থাকেন। এতে অনেক সময় তারা এভাবে চুল কাটতে বাঁধা নিষেধ দিলে তাদের উপর ক্ষিপ্ত হয় অনেকে।

বৈঠক শেষে কানাইঘাট বাজারের সেলুন ব্যবসায়ী নিশি চন্দ, সুমন চন্দ ও শিমুল চন্দ জানান, এখন থেকে তারা কানাইঘাট বাজারে সেলুন সমিতির মাধ্যমে বিয়ষটি সবাইকে অবগত করবেন এবং 'বখাটে' স্টাইলে চুল-দাঁড়ি কাটা থেকে বিরত থাকবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.