Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা

কমলগঞ্জ প্রতিনিধি |  ৩০ জুলাই, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদে 'নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রামভজন কৈরীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, চিকিৎসক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি, বেসরকারি অফিসসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করা, পৌরসভা ও সকল ইউনিয়ন পরিষদের রাস্তাঘাট, ড্রেন ও সকল হাটবাজার পরিষ্কার পরিচ্ছন্ন করা, সকল মসজিদের ইমামগণের মাধ্যমে জুম্মার নামাজের পূর্বে খুতবায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন কর্মসূচি সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রচার করা, সকল চা বাগানের ব্যবস্থাপক, কর্মচারী এবং শ্রমিকগণের বসবাসাধীন এলাকা ও অফিস-কারখানার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা, সকল মন্দির, গির্জা ও প্যাগোডাতে আগত লোকদের উদ্দেশ্যে মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহ পালন কর্মসূচি সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রচার এবং উপজেলার বিভিন্ন কেপিআই জনসমাগমপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.