Sylhet Today 24 PRINT

২৫ দিন পর আজ চালু হচ্ছে গোয়াইনঘাটের বার্কিপুর বেইলি ব্রিজ

জৈন্তাপুর প্রতিনিধি |  ০১ আগস্ট, ২০১৯

দীর্ঘ ২৫ দিন মেরামতের কারণে বন্ধ থাকার পর শুক্রবার (২ আগস্ট) যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বার্কিপুর বেইলি ব্রিজ। এ ব্রিজটিতে গত ৮ জুলাই একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ে আকস্মিক ভেঙ্গে পড়লে এতদিন বন্ধ থাকে যান চলাচল।

গোয়াইনঘাট উপজেলা  সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত বার্কিপুর বেইলি ব্রিজ। সিলেট-তামাবিল মহাসড়ক থেকে সারীঘাট হয়ে গোয়াইনঘাট উপজেলা সদরে প্রতিদিন যাত্রীবাহী ও মালবাহী হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে এ সড়কে। এছাড়াও সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষক/শিক্ষার্থী ছাড়াও ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এ সড়কের উপর দিয়ে  প্রতিনিয়ত যাতায়াত করেন।

উল্লেখ্য গত ৮জুলাই একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ে ব্রিজটি আকস্মিক ভেঙ্গে পড়লে পথচারী ও যাত্রী সাধারণের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছিল। এরপর থেকে ভারী বৃষ্টি আর বৈরি আবহাওয়া উপেক্ষা করে সড়ক ও জনপদ বিভাগ’র তত্বাবধানে ফের বেইলি ব্রিজটি ভেঙ্গে নতুন করে স্থাপন করতে সময় লেগেছে ২৪ দিন।

এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ ভড়ুয়া জানান, ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে দুর্ঘটনা কবলিত ব্রিজটি মেরামত করতে কিছুটা সময় লেগেছে বটে। আমরা যাত্রী সাধারণের ভোগান্তির কথা মাথায় রেখে বৃষ্টি আর  বন্যা উপেক্ষা করে দ্রুত গতিতে ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজটি মেরামত করতে সক্ষম হয়েছি।

এছাড়াও সারী-গোয়াইনঘাট রাস্তায় আরও ৩টি ঝুঁকিপূর্ণ ব্রিজ রয়েছে। ইতিপূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে ঝুঁকিপূর্ণ সকল ব্রিজের তথ্য দিয়েছি। আমরা খুব আশাবাদী অচিরেই ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজ এবং ঝুঁকিপূর্ণ ব্রিজ গুলো আরসিসির আওতায় চলে আসবে।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন, সারী-গোয়াইনঘাট সড়কের বার্কিপুর বেইলি ব্রিজটি সড়ক ও জনপদ কর্তৃক দ্রুত মেরামতের কারণে সিলেট জেলা সদরের সাথে গোয়াইনঘাট উপজেলাবাসীর  যোগাযোগ ফের স্থাপিত হয়েছে। সেই সাথে যাত্রী সাধারণের ভোগান্তি নিরসন হল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.