Sylhet Today 24 PRINT

‘ভিক্ষা করে’ বৃক্ষ সংগ্রহ করছে ভূমিসন্তান

সিলেটটুডে ডেস্ক |  ০১ আগস্ট, ২০১৯

নগরীর চৌহাট্টায় আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় বৃক্ষমেলা চলছে। মেলার পাশেই একটি স্টল। ব্যানারে লেখা 'বৃক্ষভিক্ষা/ আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, নিজে বাঁচি।'

ভূমিসন্তান বাংলাদেশ নামে একটি পরিবেশবিষয়ক সংগঠন আয়োজন করেছে এই “বৃক্ষভিক্ষা” কর্মসূচি। মেলায় আগতদের স্বেচ্ছায় প্রদান করা বৃক্ষ সংগ্রহ করে বিভিন্ন এলাকায় রোপন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিসটরা। এনিয়ে ২য়বারের মতো বৃক্ষভিক্ষা কর্মসূচীর আয়োজন করেছে ভূমিসন্তান।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে ভিক্ষা হিসেবে বৃক্ষ গ্রহণের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। বৃক্ষভিক্ষা কর্মসূচি চলবে বৃক্ষমেলার শেষদিন পর্যন্ত।

বৃক্ষভিক্ষার শুরুর দিন থেকেই বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া ও সহযোগিতা পাওয়া যাচ্ছে বলে জানান সংগঠনের সমন্বয়ক আশরাফুল কবীর।

তিনি বলেন, “বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, পাল্টে যাচ্ছে জলবায়ু আর এর সাথে অস্তিত্ব সংকটের দিকে যাচ্ছি আমরা, মানব সম্প্রদায়। এ অবস্থা থেকে পরিত্রাণের অন্যতম উপায়, বৃক্ষরোপণ।“

“বৃক্ষভিক্ষার মাধ্যমে সাধারণ মানুষকে গাছ কিনতে এবং সে গাছ লাগাতে উৎসাহিত করা হবে। এছাড়াও দান বা ভিক্ষার হিসেবে সংগৃহিত গাছ সিলেট লাক্কাতুরা চাবাগানস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এবং তৎসংলগ্ন এলাকায় রোপণ করা হবে”, বলেন আশরাফুল কবীর।

বৃক্ষভিক্ষা কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, “ভিক্ষাবৃত্তিকে একটি সামাজিক ব্যধি হিসেবে ধরা হয়। আমরা সেই ব্যধিকে বানাতে চাই আমাদের হাতিয়ার। এ ভিক্ষা পরিবেশের জন্য, এ ভিক্ষা বেঁচে থাকার জন্য। এ ভিক্ষা সমাজকে নাড়া দিয়ে আবারো জাগানোর জন্য।“

২০১৪ সালেও বৃক্ষভিক্ষা কর্মসূচির আয়োজন করে ভূমিসন্তান বাংলাদেশ এবং সে সময় সংগৃহিত বৃক্ষ সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত রাতারগুল জলারবন এর পাশ্ববর্তী অঞ্চলে রোপণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.